জয় দিয়ে সিরিজ শুরু ভারতের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি২০ সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারালো রোহিত শর্মার ভারত। বুধবার (১৭ নভেম্বর) ভারতের জয়পুরের স্বামী মানসীং স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ১৬৪ রানে আটকে দেওয়ার পর সূর্যকুমার যাদবদের ব্যাটে ভর করে শেষ ওভারে ২ বল বাকী থাকতে জয় তুলে নেয় ভারত। এতে তিন ম্যাচের সিরিজে এক শূন্যতে এগিয়ে গেলো ভারত।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ওভারেই ড্যারিল মিশেলকে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। সেখান থেকে দলকে টেনে নিয়ে যান মার্টিন গাপ্টিল (৪২ বলে ৭০ রান) এবং মার্ক চ্যাপম্যান (৫০ বলে ৬৩ রান) । ১০৯ রানের জুটি গড়েন তাঁরা। সেই সময় নিউজিল্যান্ড বিরাট রান তুলতে পারে বলে মনে করা হচ্ছিল। এমন সময় একই ওভারে চ্যাপম্যান এবং গ্লেন ফিলিপ্সকে ফিরিয়ে দেন অভিজ্ঞ স্পিনার অশ্বিন। ৪ ওভারে ২৩ রান দিয়ে দুই উইকেট নেন তিনি। ভুবনেশ্বরও দু’টি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন দীপক চাহার এবং মহম্মদ সিজার। অক্ষর পটেল কোনও উইকেট পাননি। নিউজিল্যান্ডকে ১৬৪ রানে থামিয়ে দেয় ভারত।

ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল রোহিত-রাহুল জুটি। কিন্তু ১৪ বলে ১৫ রান করে ফেরেন লোকেশ রাহুল। ভিরাট কোহলী বিহীন ভারতীয় দলে তিন নম্বরে নামেন সূর্যকুমার যাদব। তাকে সঙ্গে নিয়ে ইনিংস গড়তে থাকেন নতুন অধিনায়ক। কিন্তু ব্যক্তিগত ৪৮ রানে (৩৬ বলে) ট্রেন্ট বোল্টের বলে ফিরে যান রোহিত। তিনি যখন আউট হন, ভারতের সংগ্রহ তখন ১০৯ রান। বাকি কাজটা করেন ঋষভ প্যান্থ এবং সূর্যকুমার। ৪০ বলে ৬২ রান করেন সূর্য। তার উইকেট তুলে নেন বোল্ট। শ্রেয়স আয়ার এবং বেঙ্কটেশ আয়ার ব্যর্থ হন। তরা ফিরতে শেষ দিকে কিছুটা চাপ বেড়ে যায় ভারতীয় শিবিরে। শেষ ওভার বল করতে আসেন নিউজিল্যান্ডের মিশেল। সেই ওভারে দু’টি ওয়াইড বল করে ভারতের কাজটা কিছুটা সোজা করে দেন তিনি। শেষে চার মেরে ম্যাচ জেতান ঋষভ।

১৯ নভেম্বর মহেন্দ্র সিংহ ধোনির শহর ঝারখণ্ডের রানচিতে অনুষ্ঠিত হবে পরের ম্যাচ। শুক্রবার সেই ম্যাচে জিতলেই সিরিজ পকেটে রোহিতদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »