নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগামী আসরের সূচি ও গ্রুপিং চূড়ান্ত করেছে আইসিসি। আগামী আসরে বাংলাদেশ খানিকটা সহজ গ্রুপেই স্থান পেয়েছে।
আগামী ১৪ জানুয়ারি শুরু হবে যুব বিশ্বকাপের আসন্ন আসরটি। যার পর্দা নামবে ৫ ফেব্রুয়ারি। এবারের আসরের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের চারটি দেশ অ্যান্টিগা ও বারমুডা, গায়ানা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো যৌথভাবে এবারের বিশ্বকাপের আয়োজক দেশ।
যুব বিশ্বকাপের চতুর্দশ আসরে অংশ নেবে ১৬টি দল, ফাইনালসহ মাঠে গড়াবে মোট ৪৮টি ম্যাচ। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। যেখানে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।
এছাড়া ‘বি’ গ্রুপে ভারত, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড ও উগান্ডা; ‘সি’ গ্রুপে পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও পাপুয়া নিউগিনি এবং ‘ডি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড রয়েছে।
বাংলাদেশ নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ১৬ জানুয়ারি। এই ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। এছাড়া ২০ জানুয়ারি কানাডা ও ২২ জানুয়ারি আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে।
যুব বিশ্বকাপে সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে ভারত। গত আসরের ফাইনালে তাদেরই হারিয়ে প্রথমবার শিরোপা জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। বাংলাদেশের মত ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাও একবার করে শিরোপা জিতেছে। এছাড়া অস্ট্রেলিয়া তিনবার ও পাকিস্তান দুইবার যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়।
