নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আর কয়েক দিন পরেই শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ। সব ম্যাচ হবে মিরপুরে। তার আগে ঘুরে ফিরে আসছে শের ই বাংলার উইকেট। বিশ্বকাপের আগে এই মিরপুরের উইকেটে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। যদিও মন্থর উইকেটের কারণে সে সাফল্য অনেকে গোনায় ধরেনি।
বরং আনস্পোর্টিং উইকেট হিসেবে দুর্নাম কুড়িয়েছিল মিরপুর। এবারও কি তাই হবে পাকিস্তানের বিরুদ্ধে? এমন যখন প্রশ্ন। তখন বিসিবির পরিচালক আকরাম খান জানালেন, এমনটি হবে না। আশা করি ভালো উইকেটেই খেলা হবে পাকিস্তানের সাথে। আর সিরিজটি বাংলাদেশের জন্য সহজ হবে না। কারণ বিশ্বকাপে পাকিস্তান দেখিয়েছে তাদের সামর্থ্য।
শনিবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম খান বলেন, ‘আমরা শেষ যে উইকেটে খেলেছি, ওই মাসে কিন্তু আমাদের দেশের উইকেট আবহাওয়ার কারণে ওই রকমই থাকে। এই সময়ে কিন্তু উইকেট ভালো থাকে, আমরা বিপিএল করে থাকি। আমরা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলি। বিসিএলও খেলি। আশা করছি ভালো উইকেট পাবে। এবার উইকেট বিশ্রাম পেয়েছে। কারণ আমরা চট্টগ্রামেও খেলছি। আশা করছি ভালো উইকেট পাওয়া যাবে।
মিরপুরের উইকেটে খেলে বিশ্বকাপের প্রস্তুতি সেরেছিল বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপে বাংলাদেশ কেমন করেছে তা সবারই জানা। আকরাম অবশ্য মানলেন, শুধু উইকেট নয় বিশ্বকাপে ব্যর্থতার পেছনে দায়ী খেলোয়াড়দের শরিরী ভাষা ও পারফরম্যান্স। তিনি বলেন, ‘উইকেটের জন্যই যে খারাপ খেলছি তা না। আমাদের টেকটিক্যাল, অ্যাটিটিউড, পারফরম্যান্স করার ছিল সেটা কিন্তু করতে পারিনি।’
প্রতিপক্ষ পাকিস্তানকে নিয়ে সাবেক এই অধিনায়ক বলেন, ‘পাকিস্তান দল আজ এসেছে। যে টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপটা হলো, সেখানে পাকিস্তান খুবই ভালো খেলেছে। আমাদের জন্য কঠিন টুর্নামেন্ট হবে তা বলার অপেক্ষা রাখে না।’
