নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এ সময়ের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। ভারতীয় এই তারকা ব্যাটসম্যানকে ছাড়িয়ে নতুন মাইলফলক স্পর্শ করলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের দ্বিতীয় সেমিফাইনালে ৩৪ বলে ৩৯ রান করেন বাবর আজম। এই ইনিংস খেলার মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে ৬২ ইনিংসে আড়াই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাবর আজম।
টি-টোয়েন্টিতে ২৫০০ রান করতে ৬৮টি ইনিংস খেলেন বিরাট কোহলি। তার সেই রেকর্ড ভেঙে দিলেন পাকিস্তানের তরুণ অধিনায়ক বাবর।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে দুর্দান্ত ফর্মে আছেন বাবর আজম। নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৬৮ রানের লড়াকু ইনিংস খেলে দলকে ১০ উইকেটের জয় উপহার দেন বাবর ও মোহাম্মদ রিজওয়ান। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ রানে আউট হন।
এরপর আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচে ফিফটি তুলে নেন বাবর। আফগানিস্তানের বিপক্ষে ৫১ রান করা বাবর নামিবিয়ার বিপক্ষে করেন ৭০ রান। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে করেন ৬৬ রান।
টি-টোয়েন্টিতে ৮৭ ইনিংসে রেকর্ড সর্বোচ্চ ৩ হাজার ২২৭ রান করেন বিরাট কোহলি। ১০৪ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩ হাজার ১১৯ রান করেন নিউজিল্যান্ডের তারকা ওপেনার মার্টিন গাপটিল। ৬২ ইনিংসে সপ্তম সর্বোচ্চ ২ হাজার ৫০৭ রান করেছেন বাবর আজম
