টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার আসছে নতুন চ্যাম্পিয়ন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তান ফাইনালে গেলে সেটি আর হতো না। তবে অস্ট্রেলিয়া যাওয়াতে সেটি হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ এবার পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন।

বৃহস্পতিবার রুদ্ধশ্বাস সেমিফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয় বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। আর প্রথম সেমিফাইনালে বুধবার ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালের টিকিট পায় নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়া আগে একবার ফাইনাল খেললেও শিরোপা জয়ের স্বাদ পায়নি। নিউজিল্যান্ডের কাছে এবারের ফাইনাল প্রথম। সব মিলিয়ে এবার বিশ্বকাপে আসছেন নতুন চ্যাম্পিয়ন।

শিরোপা নির্ধারণী ম্যাচে আগামী রোববার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০০৭ সালে অস্ট্রেলিয়া উঠেছিল সেমিতে। পরের বার প্রথম রাউন্ড থেকে বাদ। ২০১০ বিশ্বকাপে উঠে প্রথমবারের মতো ফাইনালে। কিন্তু ইংল্যান্ডের সাথে হেরে নেয় বিদায়। ২০১২ বিশ্বকাপে সেমিতে উঠলেও এর পরের দুটি বিশ্বকাপে বিবর্ণ ছিল অজিরা। অবশেষে সপ্তম আসরে এসে আবার ফাইনালে উঠার স্বাদ পেল পন্টিংদের উত্তরসূরিরা।

নিউজিল্যান্ডের জন্য ফাইনাল অবশ্য এবারই প্রথম। প্রথম আসরে সেমিতে উঠা নিউজিল্যান্ড পরের তিন আসরে বিদায় নিয়েছিল রাউন্ড টু থেকে। ২০১৬ বিশ্বকাপে উঠে সেমিতে। পারেনি সেখানে জিততে। উঠা হয়নি ফাইনালে। ২০২১ বিশ্বকাপে কপাল খুলে কিইউদের। ইংলিশদের হারিয়ে এখন শিরোপা-স্বপ্নে বিভোর উইলিয়ামসন শিবির।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »