নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলতি আসরে বল হাতে তুলনামূলক ভালোই পারফরম্যান্স করে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে এখন। মাত্র একটি বল নিয়ে সন্দেহ হলেও এই বিষয়ে আলোচনায় বসেছে কর্তৃপক্ষ।
এনসিএলে বরিশাল বিভাগের হয়ে খেলছেন আশরাফুল। বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের মধ্যকার চতুর্থ রাউন্ডের ম্যাচে আশরাফুলের একটি বল নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোলিং অ্যাকশন রিভিউ কমিটি। বিসিবির বিশ্লেষক নাসির আহমেদ নাসু বিষয়টি, নিশ্চিত করেছেন।
নাসির জানিয়েছেন, আশরাফুলের মাত্র একটি বল নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন মাঠের আম্পায়াররা। এখন বিশ্লেষকরা সেটি নিয়ে কাজ করছেন। ম্যাচে আশরাফুলের বাকি বোলিংও দেখা হবে। তবে তার বোলিং অ্যাকশনকে অবৈধ বা বড় কোনো নেতিবাচক মন্তব্য করতে রাজি হননি নাসির।
প্রাথমিকভাবে জানানো গেছে, আশরাফুলকে কেবল সতর্ক বার্তা দেওয়া হতে পারে। কারণ, প্রায় দুই দশক ধরে ক্রিকেট খেলা আশরাফুলের বোলিং অ্যাকশন নিয়ে আগে কখনোই সন্দেহ হয়নি। এবং এই ম্যাচটিতেও মাত্র একটি বলে সমস্যা হয়েছে। দীর্ঘ সময়ে প্রথমবার এই সমস্যা হওয়ায় অল্পতেই পার পেতে পারেন আশরাফুল।
চট্টগ্রামের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নামে বরিশাল। ২৩৬ রানে অলআউট হয় দলটি। আশরাফুলের ব্যাট থেকে আসে ২৫ রান। জবাবে প্রথম ইনিংসেই চট্টগ্রাম সংগ্রহ ৪৪৩ রান। আশরাফুল বোলিং করেন ১০ ওভার। ১ মেডেন ওভার দিয়ে ৩৯ রান খরচ করলেও কোনো উইকেট পাননি তিনি।
দ্বিতীয় ইনিংসে বরিশাল অলআউট হয় মাত্র ১৩৪ রানে। আশরাফুল রানের খাতা খোলার আগেই বিদায় নেন। চট্টগ্রাম ইনিংস ও ৭৩ রানের ব্যবধানে ম্যাচটি জিতেছে।
