কয়দিন আগেও বুড়ো বলতো এখন বলে অভিজ্ঞ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে থেকেই অস্ট্রেলিয়া দল ছিল সমালোচনার তুঙ্গে। ডেভিড ওয়ার্নারের অফ ফর্ম বা স্টিভ স্মিথের দলে থাকা নিয়েও সমালোচনা কম হয়নি। এর পাশাপাশি অজি মিডিয়ায় ‘বুড়ো’ তকমা পেয়েছেন দলটির ক্রিকেটাররা। আসরে সেমিফাইনালে ওঠায় এখন অবশ্য ‘বুড়ো’ কথার বদলে ‘অভিজ্ঞ’ শুনছেন অ্যারন ফিঞ্চরা।

অজিদের টপ অর্ডারে ওয়ার্নার, ফিঞ্চ, স্মিথ ছাড়াও মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েডদের প্রত্যেকের বয়স ৩০ ছাড়িয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হারার পর তাদের বয়স নিয়ে কিছুটা সমালোচনা হয়েছে।

যদিও, সব সমালোচনা পেড়িয়ে অজিরা নিশ্চিত করেছে সেমিফাইনাল। সুপার টুয়েলভে ইংল্যান্ড ছাড়া সব দলের বিপক্ষেই জিতেছে অ্যারন ফিঞ্চের দল। এ কারণেই সমালোচনার বদলে প্রশংসা শুনছেন ফিঞ্চরা

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল খেলার আগে ফিঞ্চ বলেন, ‘বিষয়টা এমন যে, কোনো টুর্নামেন্ট শুরুর আগে আপনি নানান মন্তব্যই শুনতে পাবেন। যেখানে আপনার সম্ভাবনা শেষ বলা হবে। তবে সবকিছু যেভাবে বদলায়, তা অবশ্যই বেশ মজার। দশ দিন আগেও আমরা ছিলাম বুড়োদের দল। আর এখন আমরা নাকি অভিজ্ঞ দল।’

তিনি আরও বলেন, ‘প্রথম দিন থেকেই আমার দলের ওপর সম্পূর্ণ আত্মবিশ্বাস ছিল। আমার মনে হয় না, আমরা কখনও অতি আত্মবিশ্বাস বা বাড়তি আশা করছি। আমরা এখানে এসেছি বিশ্বকাপ জেতার নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এবং এখনও সেই সম্ভাবনা রয়ে গেছে।’

এবারের আসরে দলগতভাবে দারুণ পারফর্ম করছে অস্ট্রেলিয়া। আসরে দুটি হাফ সেঞ্চুরি পেয়েছেন ওয়ার্নার, মার্শ করেছেন একটি হাফ সেঞ্চুরি। বাকিরা হাফ সেঞ্চুরি না পেলেও দল জেতাতে অবদান রেখে গেছেন।

এই আসরে অজিদের হয়ে সর্বোচ্চ ছয়টি ছক্কা হাঁকিয়েছেন ফিঞ্চ। উইকেটের পেছন থেকে ওয়েড লুফে নিয়েছেন আটটি ক্যাচ। ১১ উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারি বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অ্যাডাম জাম্পা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »