আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে শোয়েব আখতারের মন্তব্য

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সুপার টুয়েলভে আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় আবুধাবিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। ম্যাচটি যতটা না গুরুত্বপূর্ণ আফগানদের জন্য, তার চেয়েও বেশি ভারতের। কারণ এ ম্যাচে জয়-পরাজয় দিয়েই সেমিফাইনাল ভাগ্য নির্ধারণ হবে কোহলিদের।

আফগানিস্তান ও স্কটল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে ইতোমধ্যে নিজেদের কাজটি সেরে রেখেছেন কোহলিরা। নেট রানরেট বাড়িয়ে নিয়েছেন তারা। কিন্তু আজকের ম্যাচে আফগানিস্তান হেরে গেলে রানরেটের সমীকরণ বৃথাই যাবে। ন্যূনতম ১ রান বা ১ উইকেটে জিতলেও ৮ পয়েন্ট নিয়ে সেমিতে চলে যাবে নিউজিল্যান্ড।

আর অবিশ্বাস্যভাবে আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, তবে ভারতে যখন খুশির জোয়ার বইবে, তখন পাকিস্তানে বইবে সমালোচনার ঝড়। নিউজিল্যান্ড হারলে অনেক প্রশ্ন উঠবে। এমনটি ধারণা পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতারের।

এমন ধারণার পেছনের কারণও জানিয়েছেন শোয়েব। সাবেক স্পিডস্টারের মতে, আফগানিস্তানের বিপক্ষে ভারতের দুর্দান্ত জয়কে এখনও মেনে নিতে পারছেন না পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। ওই ম্যাচটিকে পাতানো বলে দাবি তাদের। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সেই আফগানরা দুর্দান্তভাবে জ্বলে উঠলে বিষয়টি সন্দেহের চোখে দেখবেন পাক সমর্থকরা। এ ম্যাচকেও পাতানো বলে অভিযোগ উঠতে পারে। কেননা বিশ্বকাপের আগে নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সিরিজ বয়কট করে দেশে ফিরেছিলেন কিউইরা। সেই ক্ষত এখনও দগদগ করছে পাক নাগরিকদের হৃদয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে শোয়েব, ‘ভারতের ভাগ্য নিউজিল্যান্ডের হাতে। নিউজিল্যান্ড যদি হারে, তা হলে অনেক প্রশ্ন উঠবে। আমি আগেই সতর্ক করে দিচ্ছি। আমার আশঙ্কা— আরেকটি আলোচনার খোরাক হবে সেটা। বিতর্কে জড়াতে চাই না, তবে নিউজিল্যান্ডকে নিয়ে এখন পাকিস্তানের অনুভূতি তীব্র।’

নিউজিল্যান্ডের হারের কারণেই ভারত সেমিফাইনালে গেলে পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যম ফেটে পড়বে বলে নিজের ‘আশঙ্কার’ কথা জানিয়েছেন শোয়েব।

বললেন, ‘নিউজিল্যান্ড অবশ্যই আফগানিস্তানের চেয়ে ভালো দল। তবে খোদা না করুক, তারা যদি ভালো না খেলে হারে, সেটি বড় একটি সমস্যা হয়ে দাঁড়াবে। অমন সামাজিক যোগাযোগমাধ্যমকে আটকানো যাবে না। এটিও বিবেচনায় আনতে হবে আমাদের।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »