নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আজ রবিবার (৭ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল চারটায় মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। এই ম্যাচের ওপরেই নির্ভর করছে ভারতের সেমিফাইনালে যাওয়া নিয়ে। ম্যাচটিতে কিউইরা জিতলেই চলে যাবে সেমিফাইনালে। গুরুত্বপূর্ণ ম্যাচটি জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে চান ভারতীয় বংশোদ্ভূত কিউই ক্রিকেটার ইশ সোধি।
ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন সোধি। মাত্র চার বছর বয়সে পরিবারসহ পাড়ি জমান নিউজিল্যান্ডের অকল্যান্ডে। যদিও গুরুত্বপূর্ণ ম্যাচে জন্মভূমি বা সেখানকার শত কোটি মানুষ নিয়ে উত্তেজনা কাজ করছে না তাঁর মাঝে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না, এমনটাও মানছেন সময়ের অন্যতম সেরা এই স্পিনার।
আফগানিস্তানের বিপক্ষে নামার আগে সোধি বলেন,”আমি জানি আমাদের দল খুব ভালো পারফর্ম করছে। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ক্রিকেটার অবদান রাখছে। আমাদের দলের প্রতিই আমাদের নজর থাকবে। সেমিফাইনালে ওঠাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন,”আফগানিস্তানের বিপক্ষে আমি আগে খেলিনি। তবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ওদের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে আমি খেলেছি। আমি ভালো করেই জানি তারা কতোটা আতঙ্কের। রশিদ খান, মুজিবুর রহমানরা খুবই দারুণ ক্রিকেটার।”
