নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পুরো ভারত এখন অঘটনের আশায়। দেশটির কোটি কোটি ক্রিকেটপ্রেমী আজ রোববার আফগানিস্তানের সমর্থক। মোহম্মদ নবি, রশিদ খানরা নিউজিল্যান্ডকে হারালেই একমাত্র টি টুয়েন্টি বিশ্বকাপের শেষ চারে যাওয়ার আশা টিকে থাকবে ভারতের। কার্যত ‘কোয়ার্টার ফাইনাল’ ম্যাচে কিউয়িদের জয় মানেই ভারতীয় দলের বিদায়। সুপার ১২ থেকেই ছিটকে যেতে হবে বিরাট কোহলিদের। অন্যদিকে, আফগানরা জিতলে সেমি-ফাইনালের সম্ভাবনা উজ্জ্বল হবে ভারতের। সেক্ষেত্রে শেষ ম্যাচে সোমবার নামিবিয়াকে হারালেই মিলে যেতে পারে শেষ চারের টিকিট। নেট রানরেটে আফগানদের চেয়ে এগিয়ে থাকার ফায়দা তখন মিলবে। তবে তার জন্য সবার আগে প্রয়োজন নিউজিল্যান্ডের পরাজয়। ভারতজুড়ে চলছে সেই অঘটনের প্রার্থনাই।
কিন্তু হেভিওয়েট নিউজিল্যান্ডকে হারানো মোটেই সহজ হবে না আফগানিস্তানের পক্ষে। চার ম্যাচে কেন উইলিয়ামসনদের ঝুলিতে আপাতত ছয় পয়েন্ট। পাকিস্তান ছাড়া বাকি সব দলের বিরুদ্ধেই জিতেছেন তারা।
অন্যদিকে, আফগানিস্তান জিতেছে দু’টি ম্যাচে। হেরেছে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে। চার ম্যাচে তাদের সংগ্রহ ছয় পয়েন্ট। নিউজিল্যান্ডকে হারালে তাদেরও সেমি-ফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি হবে। সেক্ষেত্রে তিন দলের পয়েন্ট সমান হলেও নেট রানরেটের হিসাবে অগ্রগতির সুযোগ থাকবে আফগানদের সামনে। তাই সর্বস্ব উজাড় করে ঝাঁপিয়ে পড়ার তাগিদ তাদেরও রয়েছে। তবে নামিবিয়াকে হারালে ভারতই পাবে শেষ চারের টিকিট। কারণ, নেট রানরেটে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। আর সেটাই আশার আলো জ্বালিয়ে রাখছে ভারতীয় শিবিরে।
