নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দেশের ক্রিকেটের পরিচিত ও সাকিব মাশরাফিদের প্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় দলের সহকারি কোচ হিসাবে দলের অন্তর্ভুক্ত করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোচিং প্যানেলে সংযুক্ত হওয়া প্রস্তাবও দেওয়া হয়েছে সালাউদ্দিনকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে বাংলাদেশ দলের এমন নড়েচড়ে পারফরম্যান্সে আগামীর সম্ভাবনা নিয়ে সংশয়ে পড়েছে বিসিবি। বিশ্বকাপে এমন অপ্রত্যাশিত পারফরম্যান্সের পর খতিয়ে দেখা হচ্ছে, কোথায় কোথায় পরিবর্তন আনা প্রয়োজন। নীতিনির্ধারকদের বড় অংশ পরামর্শ দিয়েছেন, পরিবর্তন আনতে হবে কোচিং প্যানেলে।
বর্তমানে বাংলাদেশ দলের কোচিং প্যানেলের প্রত্যেকেই বিদেশি। যদিও, সাকিব আল হাসান, তামিম ইকবালরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন দেশি কোচদের সাথে। বিদেশি কোচ দিয়ে জাতীয় দলের কোচিং প্যানেল গঠন করা হয়েছে। কিন্তু ক্রিকেটাররা ব্যক্তিগত ছন্দ খুঁজে পেতে ছুটে যান দেশি কোচদের কাছেই।
তাদেরই অন্যতম কোচ সালাউদ্দিন। দেশের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় এই কোচের ঘরোয়া ক্রিকেটে আছে অসাধারণ সাফল্য। বিদেশিরা যখন দলের ফলাফল আনতে ব্যর্থ, তখন বিসিবি সালাউদ্দিনকে যুক্ত করতে চাইছে কোচিং প্যানেলে।
নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, সালাউদ্দিনকে জাতীয় দলের সহকারি কোচের দায়িত্ব দিতে চায় বিসিবি। সে লক্ষ্যে সালাউদ্দিনকে প্রস্তাবও দেওয়া হয়েছে। সালাউদ্দিন রাজি থাকলে নিশ্চিতভাবেই তিনি হচ্ছেন টাইগারদের সহকারী কোচ।
সালাউদ্দিনের সাফল্য ও ক্রিকেটারদের সাথে তার মনোরম ছাত্র-শিক্ষক সম্পর্কের কারণে দীর্ঘদিন ধরে উঠছে সালাউদ্দিনকে জাতীয় দলের কোচ করার দাবি। বিশ্বকাপে টাইগারদের বিস্ময়কর বাজে পারফরম্যান্সের পর সেই দাবি আলোর মুখ দেখতে পারে।
