শ্রীলঙ্কার সাথে বড় ব্যবধানে জয় পেলো অস্ট্রেলিয়া

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত অজিদের
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) শ্রীলঙ্কাকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে শ্রীলঙ্কার ১৫৪ রানের জবাবে ৩ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে অজি শিবির। এর আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়েছিল অ্যারন ফিঞ্চ বাহিনী।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার ফর্মহীন ডেভিড ওয়ার্নার ফিরেছেন ফর্মে। ৪২ বলে ৬৫ রানের ইনিংস খেলে তিনি আউট হয়েছেন শানার বলে। তার ইনিংসে ছিল ১০টি চারের মার। অ্যারন ফিঞ্চকে নিয়ে উদ্বোধনীতেই ৭০ রানের জুটি গড়েন তিনি। ফিঞ্চ ৩৭ রান করে ফিরে গেলেও অর্ধশতক পূর্ণ করেন ডেভিড।

মাঝে গ্লেন ম্যাক্সওয়েল ৫ রানে আউট হওয়ার পর স্টিভ স্মিথ ও মার্কাস স্টোইনিস দলকে জয়ের বন্দরে নিয়ে যান। স্মিথের ব্যাট থেকে ২৮ ও স্টোইনিসের ব্যাট থেকে ১৬ রান আসে। শ্রীলঙ্কার হয়ে দুই উইকেট পান ওয়ানিন্দু হাসারাঙ্গা। এক উইকেট নেন দাসুন শানাকা।

এর আগে টস হেরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। প্রথম ওভারে ৬ রান নিয়ে ভালো শুরু করলেও সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লঙ্কান শিবির। দলীয় ১৫ রানে পাথুম নিশাঙ্কাকে হারিয়ে ফেলে দল। ব্যক্তিগত ৭ রান করে প্যাট কামিন্সের শিকার হন পাথুম। এরপর কুশাল পেরেরা ও চারিথ আসালাঙ্কা মিলে গড়ে তুলেন ৬৩ রানের জুটি। এ জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। চারিথ আসালাঙ্কাকে ফিরিয়ে শ্রীলঙ্কার রানের চাকাও কিছুটা ধীর গতির করে দেন অজি স্পিনার। ৮৫ রানের মাথায় কুশাপ পেরেরা মিচেল স্টার্কের শিকারে পরিণত হন। আসালাঙ্কা ও পেরেরা দুজনেই করেছেন ৩৫ করে।

মাঝে আভিস্কা ফার্নান্দো ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ছোট ছোট বিরতিতে বিদায় নিলেও ইনিংস ধরে খেলার চেষ্টা করেন ভানুকা রাসাপাকসা। শেষ দিকে তিনিই দলের চ্যালেঞ্জিং সংগ্রহে বড় অবদান রাখেন। ২৬ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। অন্যদের মধ্যে দাসুন শানাকা ১২ ও চামিকা করুনারত্নে ৯ রান তুলেন।

অস্ট্রেলিয়ার হয়ে ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় ২ উইকেট নেন জাম্পা। দুটি করে উইকেট পান প্যাট কামিন্স ও মিচেল স্টার্কও।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »