নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগে পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন মিসবাহ উল হক। এমন সংকটময় পরিস্থিতিতে সাকলায়েন মুশতাককে অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাকলাইনের অধীনে পাকিস্তান এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্তই খেলছে। প্রথমবারের মতো বিশ্বকাপে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে, সেটাও আবার ১০ উইকেটের বড় ব্যবধানে।
সাকলাইন সফল হলে তাকে স্থায়ী কোচ করার একটা দাবি উঠতেই পারে। তবে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকট্রেকার’-এর খবর, পাকিস্তানের হেড কোচ হিসেবে নিয়োগ পাওয়ার জোর সম্ভাবনা আছে দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় এবং কোচ গ্যারি কারস্টেনের।কারস্টেন ছাড়াও সায়মন ক্যাটিচ ও পিটার মুরসকেও বিবেচনা করা হচ্ছে এই পদে। এর কারণ পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা বিদেশি কোচের ওপর আস্তা রাখতে চান।
কোচ হিসেবে বেশ সাফল্য আছে কারস্টেনের। ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অধীনেই ২০১১ সালে ২৮ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ নেয় ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৯৯৩ থেকে ২০০৪ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন কারস্টেন। সেই ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০১ টেস্ট ও ১৮৫ ওয়ানডে ম্যাচ খেলেছেন প্রোটিয়া এই কিংবদন্তি ব্যাটার। টেস্টে ৪৫.২৭ গড়ে ৭২৮৯ আর ওয়ানডেতে ৪০.৯৫ গড়ে তার নামের পাশে ৬৭৯৮ রান।
