নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে শেষ পর্যন্ত সুপার টুয়েলভে উঠে আসে বাংলাদেশ। কিন্তু তারপর হেরেছে টানা দুই ম্যাচ। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের কাছে সুপার টুয়েলভে হেরে সেমিফাইনালে ওঠার পথটা খুব কঠিন করে ফেলেছে মাহমুদউল্লাহর দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে এ পর্যন্ত আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় তাই বাংলাদেশ দলের সমালোচনা হচ্ছে চারপাশে।
ক্রিকেটাররাও নিজেদের এই বাগ্যুদ্ধ থেকে আলাদা রাখতে পারেননি। মুশফিকুর রহিম তো সংবাদ সম্মেলনে সমালোচকদের আয়নায় মুখ দেখতে বলেছেন। এ ছাড়া বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহও অস্বাস্থ্যকর সমালোচনার বিরুদ্ধে অবস্থান নেন। এই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে যখন আলোচনা চলছে, তখন সাকিবের স্ত্রী ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার কারণ জানতে চেয়েছেন তাঁর স্ট্যাটাসে।
সর্বশেষ স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমরা কি ২০১৯ বিশ্বকাপ নিয়ে একটু কথা বলতে পারি। ভাবতে অবাক লাগে, আমরা কীভাবে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো বড় দলকে হারাতে পারিনি, যখন আমাদের গতি তারকা ও সেরা উদ্বোধনী জুটি ছিল। সেসব ম্যাচে কী ভুল হয়েছিল, আমার কৌতহূলী মন তা জানতে চায়। সেই একই অবকাঠামো এখনো আছে, তাহলে এখন এত কথা হচ্ছে কেন। তখন যদি টকশোতে সেসব ভুল নিয়ে আলোচনা হতো, তাহলে এখন ব্যর্থ হতে হতো না।’
