নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট ইতিহাসে রেকর্ড ভাঙ্গা গড়া যেন এখন প্রতিদিনই হচ্ছে।অ্যাডায়ার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের পথে ভেঙেছেন মুস্তাফিজুর রহমানের রেকর্ড।
পেস বোলারদের মধ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ৫০ উইকেট শিকারের রেকর্ড এতদিন ছিল মুস্তাফিজের দখলে। ৩৩ ম্যাচে ৫০টি উইকেট শিকার করেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনের রেকর্ড ভেঙে এই রেকর্ড নতুন করে লিখেছিলেন মুস্তাফিজ। স্টেইনের রেকর্ডটি ছিল ৩৫ ম্যাচে। ওমানের বিলাল খানও ৩৫ ম্যাচে ৫০টি উইকেট পান। ৩৬ ম্যাচে ৫০টি উইকেট শিকার করেছিলেন পাকিস্তানের উমর গুল।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মুস্তাফিজের রেকর্ডও ভেঙে গেল। কাটার মাস্টারের রেকর্ড ভাঙলেন ২৫ বছর বয়সী আইরিশ পেসার অ্যাডায়ার। মাত্র ২৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৫০টি উইকেট শিকারের কৃতিত্ব গড়লেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চার ওভারে ৩৫ রান খরচ করে দুইটি উইকেট শিকার করেছেন অ্যাডায়ার। ৪৯তম উইকেট হিসেবে তিনি শিকার করেন ম্যাচটির সেরা খেলোয়াড় ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। চামিকা করুনারত্নেকে বোল্ড করে রেকর্ড বইয়ে নিজের নাম লেখান অ্যাডায়ার।
