লঙ্কান যুবাদের কাছে সিরিজ হারলো টাইগার যুবারা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দুই ম্যাচ হাতে রেখেই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হার নিশ্চিত হয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। বুধবার (২০ অক্টোবর) সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশের যুবারা।

প্রথম ম্যাচ ৪২ রানে ও দ্বিতীয়টি ১ রানে হেরেছিলো বাংলাদেশ। ফলে সিরিজ জয়ের পাশাপাশি ৩-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা।

ডাম্বুলার রাঙ্গিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় বড় স্কোর দাড় করাতে পারেনি তারা। ৪৯ দশমিক ৩ ওভারে ১৮৪ রানেই অলআউট হয় বাংলাদেশ। নয় নম্বরে নামা আশিকুর জামান অপরাজিত ৫৪ রান করেন। এছাড়া আহসান হাবিব ৩৩ ও নাইমুর রহমান ২৭ রান করেন।

জবাবে ৩ উইকেট হাতে রেখেই বাংলাদেশের টার্গেট স্পর্শ করে শ্রীলঙ্কা। দায়িত্ব নিয়ে ব্যাট করেছেন তিন নম্বরে নামা শিভন ড্যানিয়েল। ১১৭ বলে অপরাজিত ৮৫ রান করেন তিনি। বাংলাদেশের মুশফিক হাসান ৩ উইকেট নেন।

এই ভেন্যুতেই সিরিজের বাকি দুই ম্যাচ ২৩ এবং ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »