ব্যাটসম্যানদের উন্নতিতে বড় সংগ্রহের দিকে চোখ সাকিবের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

টি টুয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের প্রথম দুই ম্যাচেই ব্যাটিং নিয়ে বিপাকে ছিল বাংলাদেশ। বিশেষ করে পাওয়ারপ্লেতে কম রান সংগ্রহ এবং স্লগ ওভারে বেশি উইকেট হারিয়ে ফেলা। দলের অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসানের মতে, এই দুই জায়গায় উন্নতি করলে যেকোনো দলের বিপক্ষে লড়তে পারবে বাংলাদেশ।

গত দুই ম্যাচে তুলনামূলক রানের সংখ্যা কম হওয়ায় পাওয়ারপ্লেতে আর ১৫ রান বেশি করতে পারলে এবং শেষের দিকে আর ১০ রান বেশি করতে পারলেই বাংলাদেশের সংগ্রহ যেকোনো দলকে চ্যালেঞ্জ করার সামর্থ্য রাখে। এই দুই জায়গায় উন্নতিকে খুব কঠিন কিছু মনে করছেন না সাকিব আল হাসান।

সাকিব বলেন, “আমরা ১৫০ রান করেছি। সবসময় দলের চিন্তাই করি। দলের উন্নতির জায়গা আছে, আরও ২০-২৫ রান করার সুযোগ আছে। পাওয়ারপ্লেতে ১৫ রান বেশি করলে আর শেষদিকে ১০ রান বেশি করলে ২৫ রান করা সম্ভব। এটা করার সামর্থ্য আমাদের ভালোভাবেই আছে। এই দুই জায়গায় উন্নতি করলে আমাদের দল ১৭০ করতে পারবে।”

বোলিংয়ের উপর আস্থার জানিয়ে সাকিব বলেন, “তখন আমাদের বোলিং আক্রমণ দিয়ে যেকোনো দলের বিপক্ষে লড়তে পারব। সেই উন্নতিটাই আমাদের দরকার। খুব চিন্তার কিছু না, এই উন্নতির সুযোগ আছে। আমি নিশ্চিত, সবাই এই জায়গাগুলোতে ভালো করে দলকে জেতাতে আগামী ম্যাচগুলোতে মুখিয়ে থাকবে।”

গত দুই ম্যাচেই বাংলাদেশের ব্যাটাররা ছক্কা হাঁকাতে গিয়ে সীমানা বরাবর ক্যাচ দিয়ে আউট হন। তবে সাকিবের মতে, ওমানের মাঠগুলো এত বেশি বড় না যে বাংলাদেশের ব্যাটারদের ছক্কা হাঁকানোর সামর্থ্য নেই। রান বের করে নেওয়ার জন্য আরও চটপটে হওয়ার পরামর্শ দিলেন সাকিব।
তিনি বলেন, “পেশিশক্তি নেই, তবে আমার মনে হয় না এই মাঠ এত বড় যেখানে আমাদের ব্যাটসম্যানদের ছক্কা হাঁকানোর শক্তি নেই। পিচের কারণে ওভার বাউন্ডারি মারা কখনও কঠিন হতে পারে। সে জায়গায় আমরা আরও চটপটে হয়ে কাজ করতে পারি।”

তবে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতাকে উদ্বেগজনক মানছেন সাকিব, “এটা অবশ্যই আমাদের জন্য উদ্বেগের বিষয়। আমাদের ওপরের দিকের ব্যাটারদের যে দক্ষতা আছে, সে অনুযায়ী পারফরম্যান্স দেখাতে পারেনি। আশা করি পরের ম্যাচে প্রদর্শন করবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »