নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিয়মভঙ্গের কারনে নিষিদ্ধ হওয়া কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা এবং নিরোশান ডিকওয়েলার ঘরোয়া ক্রিকেটে চলমান ৬ মাসের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বোর্ড সচিব মোহন ডি সিলভা এ তথ্যটি নিশ্চিত করেছেন।
চলতি বছরের জুলাই মাসে ইংল্যান্ডে সফররত অবস্থায় কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা এবং নিরোশান ডিকওয়েলাকে বায়ো-বাবলের নিয়ম ভঙ্গে দায়ে নিষিদ্ধ সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১ বছর ও ঘরোয়া ক্রিকেট থেকে ৬ মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল লঙ্কান ক্রিকেট বোর্ড (এলএলসি)। তবে সম্প্রতি তাদের ঘরোয়া ক্রিকেটের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসএলসি।
ডি সিলভা জানান, তিন ক্রিকেটারই ঘরোয়া ক্রিকেটে নিজেদের দলের হয়ে খেলা শুরু করে দিতে পারেন। তবে তার আগে জরিমানার পূর্ণ অর্থ প্রদান করতে হবে। তাদেরকে ১০ মিলিয়ন শ্রীলঙ্কান রুপির জরিমানা করেছে এসএলসি। শ্রীলঙ্কার ইংল্যান্ড সফর চলাকালীন বায়ো-বাবল নীতি ভেঙ্গে ধরা পড়েন তিনজনই। পরবর্তীতে প্রদান করা হয় শাস্তি।
গত ১২ অক্টোবর বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেয় এসএলসি। ডি সিলভা জানান, ‘আমরা মন্ত্রণালয়কে এ বিষয়ে জানাব যে জরিমানা প্রদান করে তারা আবার ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারবে।’
করোনা মহামারির কারনে ক্রিকেটে ঢুকে গেছে বায়ো-বাবল নীতি। এই নিয়মনীতি সঠিকভাবে না মানলে তা দুই দলের জন্যই বেশ হুমকির সৃষ্টি করে এবং পুরো সিরিজও অনেক সময় হুমকির মুখে পড়ে যায়। ইংল্যান্ড সফর চলাকালীন মেন্ডিস, গুনাথিলাকা এবং ডিকওয়েলা তিনজনই বায়ো-বাবলের তোয়াক্কা না করে বাইরে বের হয়ে যান এবং ডারহামের রাস্তায় তাদেরকে দেখা যায়।
তাদের ভিডিও ফুটেজ, ছবি সবকিছু ছড়িয়ে পড়তে থাকলে সকলে তা জেনে যায়, ফলে বিষয়টি নিয়ে প্রচুর সমালোচিত হতে হয় তাদেরকে। পরবর্তীতে ১ বছরের জন্য আন্তর্জাতিক এবং ৬ মাসের জন্য ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হতে হয় তিনজনকেই। যার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা পাননি তারা।
