নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ডিসিশন রিভিউ সিস্টেম ক্রিকেটে আম্পায়ারদের কাজ করে দিয়েছে সহজ, ভুল সিদ্ধান্তের হার কমেছে এর মাধ্যমে । তবে এবারের বিগ ব্যাশে থাকছে না ডি আর এস।
মূলত কোভিড ইস্যুর জন্য সীমান্ত বন্ধ থাকা এবং অনেক ভেন্যুতে প্রযুক্তির সঠিক পরিচালনা করার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হওয়ার ফলেই এই সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।বিগ ব্যাশের গত মৌসুমে বিতর্কিত আম্পায়ারিংয়ের ফলে প্রচুর সমালোচনা হয়েছিল। যার ফলে এই মৌসুম থেকে পুরো টুর্নামেন্টে ডিআরএসের ব্যবহার শুরু করতে চেয়েছিলেন আয়োজকরা। কিন্তু অস্ট্রেলিয়ান সরকারের কঠোর কোভিড নীতিমালার কারণে তা আর সম্ভব হচ্ছে না।
এ প্রসঙ্গে বিগ ব্যাশ লিগের প্রধান এসিস্টেইর ডবসন জানান, ‘এখন এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে টুর্নামেন্টের সকল ম্যাচ একইভাবে আমরা পরিচালিত করতে পারব।’, ‘এখানে সবকিছুর সঠিক সমন্বয়ের প্রয়োজন হবে। মানুষ, প্রযুক্তি, সময়, সঠিক বিন্যাস- এ সবকিছুর সমন্বয় একসাথে প্রথমবারের মত করাটা বেশ চ্যালেঞ্জিং হবে। সবকিছু বিবেচনায় নিলে বিষয়টি খুবই কঠিন।’
বিশ্বের অন্যান্য জনপ্রিয় টি-টোয়েন্টি লিগগুলোতে ডিআরএস সচরাচরই ব্যবহৃত হচ্ছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), দ্য হান্ড্রেড এসব লিগে দেখা গেছে ডিআরএসের ব্যবহার। কিন্তু এত প্রতিকূলতার পরও আসন্ন অ্যাশেজে ডিআরএসের ব্যবহার নিয়ে আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া।
