শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে মোশাররফ রুবেল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিজের সাথে যেন নিজেই লড়াই করছেন বাঁহাতি স্পিনার মোশারফ রুবেল। দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত বাংলাদেশ দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। আজ বুধবার রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

বর্তমানে আইসিইউতে রুবেলের চিকিৎসা চলছে, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ব্রেন টিউমারের কারণে বিগত কয়েক মাস ধরে কেমোথেরাপি চলছিল তার।

মস্তিষ্কের মত স্পর্শকাতর স্থানে নতুন করে টিউমার ধরা পড়ায় শঙ্কায় পড়ে যায় রুবেলের জীবন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে আসার পর ক্রিকেটে ফেরার চেষ্টাও করেছিলেন। তবে আবারও টিউমার ধরা পড়লে থমকে যায় মাঠের পদচারণ। অস্ত্রোপচারের পর থেকে কথা বলেন ধীরগতিতে, থেমে থেমে। মাঝেমাঝে কথা জড়িয়ে যায়, অস্পষ্ট লাগে একসময়ের স্বল্পভাষী ও হাস্যজ্বল এই ক্রিকেটারের ভাষা।

ব্রেইন টিউমার ধরা পড়ার প্রাক্বালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মত বড় মঞ্চে খেলেছেন রুবেল। এরপর চিকিৎসার জন্য দৌড়ঝাঁপ করতে করতে সর্বস্বান্ত হওয়ার জোগাড়। একসময় নিজের ফ্ল্যাটও বিক্রি করতে চেয়েছিলেন।

মোশাররফ হোসেন রুবেল বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি যথেষ্ট সফল একজন ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে তার ঝুলিতে ৩৯২ উইকেট। ব্যাট হাতে দুইটি শতক ও ১৬টি অর্ধশতকে ৩৩০৫ রান তার সংগ্রহে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »