বিসিবিতে এমন নির্বাচন আগে দেখেননি পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গতকাল সম্পন্ন হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। নির্বাচনকে ঘিরে দিনভর উৎসবমুখর পরিবেশ ছিল বিসিবি প্রাঙ্গনে।

আর এমন পরিবেশে যারপরনাই মুগ্ধ বিসিবির সর্বশেষ দুই পর্ষদের সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবির দায়িত্বের আসার পর এমন নির্বাচন তিনি আগে দেখেননি বলেও উল্লেখ করেছেন।

বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল প্রকাশের পর সংবাদ সম্মেলনে পাপন বলেন,’‘আমরা যে ধারণা করেছিলাম ভোটারদের অংশগ্রহণ তার চেয়ে অনেক বেশি। কোথাও কোথাও ৯৯ ভাগ, মানে সবাই ভোট দিতে এসেছে। এই যে ভোট কাস্ট হয়েছে এটাই সবচেয়ে বড় কথা।’’

তিনি বলেন,”সাধারণত নির্বাচনে দেখি যে অনেকে ভোট দিতে আসে না, তাদের মতামত আমরা পাই না। এই নির্বাচনে প্রায় সব ভোট কাস্ট হয়েছে। নির্বাচন কাকে বলে… আসলে আমি ক্রিকেট বোর্ডে এমনটা এর আগে দেখিনি। গত দুইবার নির্বাচন হয়নি, আজকে দেখলাম মোটামুটি নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ ছিল- এতে কোনো সন্দেহ নেই।’’

তবে পাপনের আশা ছিল, আরও অনেকেই দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার এই নির্বাচনে অংশ নেবেন। তিনি আরও বলেন,’‘ক্রিকেটের সাথে সম্পৃক্ত আরও অনেক ভালো ভালো লোক আছে। ক্রিকেটে অনেক অবদান রাখতে পারত এরকম অনেকেই নির্বাচনে আসেনি। সামনের নির্বাচনে তারা সকলেই অংশগ্রহণ করবে, আরও বেশি প্রার্থী অংশগ্রহণ করবে- এটাই আমি চাই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »