নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ দল ইতিমধ্যে পারি জমিয়েছে ওমানে । ওমানে একদিনের হোম কোয়ারেন্টাইন শেষে গতকাল অনুশীলন করেছে টাইগাররা।অনুশীলন শেষে ব্যাটসম্যান সৌম্য সরকার বলেন, মাস্কটের সবুজ ঘাসের পিচ টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য মানানসই হবে।
গত ৩ অক্টোবর রাতে ওমানের উদ্দেশে দেশ ত্যাগ করে বাংলাদেশ ক্রিকেট দল। ৪ অক্টোবরে হোটেলেই কোয়ারেন্টিন পালনের পরেই ৫ অক্টোবর অনুশীলনে নেমে পড়ে টাইগাররা। অবশ্য ওমানে যাওয়ার আগে ক্রিকেটাররা ছুটি কাটিয়ে এসেছেন। তাই সৌম্য বলছেন, ছুটির পরে সতেজতা ও মানসিক প্রস্তুতি নিয়েই সবাই দলে যোগ দিয়েছেন।
সৌম্য বলেন, “মানসিকভাবে সবাই তৈরি। আমরা দুইটা টুর্নামেন্ট খেলে এসেছি, সবাই খেলার ভেতরে ছিলাম। একটা বড় টুর্নামেন্ট খেলতে এসেছি, তার আগে মানসিক বিশ্রামের প্রয়োজন থাকে। সবাই বিশ্রাম নিয়ে আবার মাঠে ফিরেছে। বিশ্রামের মধ্যেও সবাই ফিটনেস নিয়ে কাজ করেছে। আজকে থেকে আমরা এখানে ক্যাম্প শুরু করলাম। সবার ফিটনেসের অবস্থা ভালো আছে।”
তিনি আরো বলেন, “একদিন কোয়ারেন্টিনের পর আজকে প্রথম মাঠে এসেছি। অনুশীলন করে খুব ভালো লাগছে। আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। প্রথমে এসে একটু ফুটবল খেলেছি, মাঠের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। নেট করেছি, বোলিং করেছি। সব মিলিয়ে দিনটা ভালো গেছে। প্রথম কয়েকদিন হয়ত আবহাওয়ার সাথে মানিয়ে নিতে সময় লাগবে। তবে ধীরেধীরে অভ্যাস হয়ে যাবে।”
মাস্কটের ওমান ক্রিকেট একাডেমির উইকেটে সবুজ ঘাস দেখে আশাবাদী হচ্ছেন সৌম্য। তার মতে, এই ধরনের উইকেট টি-টোয়েন্টির জন্য ভালো কারণ এসব উইকেট হিটিংয়ের জন্য ভালো হয়। তাই সামনে ভালো কিছুরই স্বপ্ন দেখছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
সৌম্যর ভাষায়, “এখানে দেখলাম আজ উইকেটে ঘাস ছিল। এরকম যদি থাকে, ভালো উইকেট। বোলারদেরও সহায়তা করবে, ব্যাটসম্যানদের জন্যও ভালো। বলটা ব্যাটে আসছিল, টি-টোয়েন্টি ক্রিকেটে এমন উইকেট থাকলে হিটিংয়ের জন্যও ভালো হয়। আশা করি ভালো হবে।”
