নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বেশ কিছুদিন যাবত ক্রিকেট অঙ্গন গরম বিসিবি নির্বাচন নিয়ে । আভাস পাওয়া গেছে এবার জমজমাট হতে যাচ্ছে নির্বাচন। রাত পোহালেই যেখানে নির্বাচন শুরু, সেই সময়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী।
তারা নির্বাচন না করলেও তবে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়ের পর সরে দাঁড়ানোয় তাদের নাম ব্যালটে থাকবে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার ফরহাদ হোসেন।
গত ৩ অক্টোবর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাদারীপুরের প্রার্থী খালিদ হোসেন। নির্বাচনের আগের রাতে, ৫ অক্টোবর সরে দাঁড়ানোর ঘোষণা দেন নারায়ণগঞ্জের তানভীর আহমেদ টিটু। তারা দুইজনই ক্যাটাগরি-১ এর আওতায় নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
ক্যাটাগরি-১ অর্থাৎ আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থার প্রতিনিধি ক্যাটাগরিতে ঢাকা বিভাগের দুটি পদের বিপরীতে নির্বাচনে টিকে রয়েছেন ২ জন। তারা হলেন- মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নাঈমুর রহমান দুর্জয় ও কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সৈয়দ আশফাকুল ইসলাম।
এদিকে টিটুর মত নির্বাচনের আগের রাতে সরে দাঁড়িয়েছেন মোহামেডান থেকে প্রার্থিতা নেওয়া মাসুদুজ্জামান। তিনি ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট ক্লাব অর্থাৎ ক্যাটাগরি -২ থেকে প্রার্থী হয়েছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাসুদুজ্জামান জানান, পরিচালক না হলেও ক্রিকেটের উন্নয়নে বোর্ডের সাথে কাজ করতে তার কোনো অসুবিধা হবে না। তিনি আরো জানিয়েছেন, কোনো অভিযোগ বা চাপের কারণে নয়; তার এই সরে দাাঁড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। তিনি মনে করেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে যারা বোর্ড পরিচালক হতে চলেছেন তাদের প্রত্যেকেই যথেষ্ট যোগ্য এবং অভিজ্ঞ।
বুধবার (৬ অক্টোবর) সকাল ১০টায় শুরু হবে ভোটগ্রহণ, শেষ হবে বিকাল ৫টায়। ভোট গণনা শেষে এদিনই প্রকাশ করা হবে প্রাথমিক ফলাফল। চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে পরদিন, ৭ অক্টোবর বিকাল ৩টায়।
