মুস্তাফিজের রেকর্ড ভাঙলেন নামিবিয়ার পেসার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নতুন এক ইতিহাসের সাক্ষী হলেন নামিবিয়ার বাঁহাতি পেসার ইয়ান ফ্রাইলিঙ্ক।

২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের খেলতে নেমে দূর্দান্ত বোলিং প্রদর্শনীতে অনবদ্য এক কীর্তি গড়েছিলেন মুস্তাফিজুর রহমান। সেবার নিউজিল্যান্ডের বিপক্ষে চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ২২ রান খরচায় ৫ উইকেট শিকার করেছিলেন ‘কাটার মাস্টার’, যা ছিলো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো বাঁহাতি পেসারের সেরা বোলিংয়ের রেকর্ড।

তবে মঙ্গলবার টাইগার পেসারকে ছাপিয়ে সে রেকর্ড নিজের করে নিয়েছেন নামিবিয়ার বাঁহাতি পেসার ইয়ান ফ্রাইলিঙ্ক। এদিন দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪ ওভারে ২৪ রান খরচায় ৬ উইকেট শিকার করেছেন তিনি। একই সাথে এই ফরম্যাটে আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ডও এটি।

ইয়ান ফ্রাইলিঙ্কের রেকর্ড গড়া বোলিংয়ের রাতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ১৭ রানে হারিয়েছে নামিবিয়া। মঙ্গলবার টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান করেছিলো নামিবিয়া। জবাবে ৯ উইকেটে শেষ পর্যন্ত ১৪২ রানে থামে আরব আমিরাতের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার পর আফ্রিকা অঞ্চলের মাত্র দ্বিতীয় দেশ হিসেবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নামিবিয়া। ২০১৯ সালে অনুষ্ঠিত বাছাই পর্বে ওমানকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে তারা।

আগামী ১৮ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করবে তারা। সুপার টুয়েলভে উঠার লড়াইয়ে গ্রুপ ‘এ’ এর বাকি দুই দল হলো আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »