নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চারদিকে বাজছে বিশ্বকাপের দামামা। বিশ্বকাপকে সামনে রেখে গতকাল রাতে দেশ ছেড়ে ওমানের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ দল । দেশ ছাড়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন টি২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
ওমানে প্রস্তুতি ক্যাম্পের জন্য একটু আগেভাগেই বিশ্বকাপের পথে রওয়ানা হচ্ছে টাইগাররা। রিয়াদ জানিয়েছেন, বিশ্বকাপকে ঘিরে দলকে নিয়ে সবার প্রত্যাশা পূরণের জন্য নিজেদের সক্ষমতা অনুযায়ী খেলতে হবে খেলোয়াড়দের।
রিয়াদ বলেন, ‘প্রত্যাশা তো থাকবেই। সবমিলিয়ে দলের প্রত্যাশা, খেলোয়াড়দের প্রত্যাশা, দেশবাসীর প্রত্যাশা। কিন্তু এই প্রত্যাশাগুলো আমরা তখনই পূরণ করতে পারব যখন আমরা নিজেদের সক্ষমতা অনুযায়ী নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারব। এজন্য প্রথম পর্বের ম্যাচ থেকে আমাদের ধাপে ধাপে এগোতে হবে।’
অধিনায়ক হিসেবে প্রথমবারের মত রিয়াদ খেলবেন বিশ্বকাপে। দল ও দেশকে নেতৃত্ব দিতে পেরে বেশ উচ্ছ্বসিত রিয়াদ। তবে তার প্রত্যাশা, ভালো করার দায়িত্ব ভাগাভাগি করে নেবেন দলের সব সদস্যই।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো অনুভব করছি। এটি সম্মানের বিষয়। আমি সম্মানিত বোধ করছি। একই সঙ্গে এটা আমার জন্য অনেক বড় দায়িত্ব। সবাই মিলে চেষ্টা করব এবং সবাই যেন নিজেদের দায়িত্বটা ভাগ করে নিতে পারি এবং আমরা দেশের জন্য ভালো কিছু করতে পারি।’
দেশবাসীর কাছে দলের জন্য দোয়া চেয়ে রিয়াদ বলেন, ‘আমি তো ইতোমধ্যে ব্যক্তিগতভাবে সব বলে দিয়েছি। আর কী বলব? আমরা সবাই আপনাদের কাছে দোয়া প্রার্থী।’
নিউজ ক্রিকেট/সুফিয়ান।
