নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্লে-অফ পর্বে যেতে গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জিতেই হত কলাকাতা নাইট রাইডার্সকে। আর এ ম্যাচে ৬ উইকেটের জয়ে এখন ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে আছে দলটি।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামার আগে একাদশেও পরিবর্তন এনেছিল কলকাতা। সুযোগ দেয়া হয়েছিল সাকিব আল হাসানকে। অবশ্য বাংলাদেশের এই ক্রিকেটার যে কলকাতার একাদশে ফিরতে যাচ্ছেন তার ইঙ্গিত পাঞ্জাব কিংসের বিপক্ষে হারের পরই দিয়েছিলেন কেকেআর অধিনায়ক।
৪ ওভারে ২০ রান খরচায় এক উইকেট নেয়ার সঙ্গে নিজের বোলিংয়ের সময়ে সরাসরি থ্রোতে রান আউট করেছেন কেন উইলিয়ামসনকে। সব মিলিয়ে ফেরার ম্যাচে সাকিবের প্রভাববিস্তারী পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন দলটির প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
উইলিয়ামসনকে করা সাকিবের সেই রান আউটই ম্যাচের মোড় পাল্টে দিয়েছে বলে মনে করছেন ম্যাককালাম। তিনি বলেন,”সাকিব আল হাসান শুধু বোলিংয়েই দারুণ করেনি, ফিল্ডিংয়েও দারুণ ছিল। উইলিয়ামসনের রান আউটটা অনেক স্পেশাল ছিল। এই মুহূর্তগুলোই ম্যাচের মোড় পাল্টে দেয়।”
