নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপে অংশগ্রহণের জন্য দুই ডোজ ভ্যাকসিন গ্রহণের পাশাপাশি ৬ দিন কোয়ারেন্টিনের নিয়ম আরোপ করেছে আইসিসি। তবে বাংলাদেশ মাত্র ১ দিন কোয়ারেন্টিন করেই অংশ নেবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে। দলের প্রত্যেক সদস্যই ইতোমধ্যে দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন।
বিশ্বকাপের আগে ওমানে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। এই প্রস্তুতি ক্যাম্পে দল থাকবে জৈব সুরক্ষা বলয়ে, যা অটুট থাকবে বিশ্বকাপ অবধি।
ওমানে পৌঁছে ৪ অক্টোবর কোয়ারেন্টিন পালনের মাধ্যমে বাংলাদেশ দল যোগ দিবে নিশ্ছিদ্র জৈব সুরক্ষা বলয়ে। ৫, ৬ ও ৭ অক্টোবর ওমানে অনুশীলন করবে বাংলাদেশ। ৯ অক্টোবর দল উড়াল দেবে সংযুক্ত আরব আমিরাতে। আরব আমিরাতে সরাসরি অনুশীলন শুরু করবে পারবে টাইগাররা।
১২ অক্টোবর বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবেন সাকিব-আফিফরা। ১৩ অক্টোবর আবার অনুশীলনের পর ১৪ তারিখ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
বিশ্বকাপে বাংলাদেশ প্রথম পর্বের ম্যাচ খেলবে ওমানে। প্রস্তুতি ম্যাচ শেষে তাই ১৫ অক্টোবর ওমানে ফিরে যাবে দল। ওমানে গিয়েও আর কোয়ারেন্টিনের প্রয়োজন নেই। ১৬ অক্টোবর ফ্লাডলাইটের আলোয় অনুশীলন শেষে ১৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গী হবেন নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। ম্যানেজার সাব্বির খানের সাথে দলের দেখভালের দায়িত্বে থাকবেন তিনি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুরও আরব আমিরাতে দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে।
