দলের আগেই ওমানে পৌছেছেন লিটন দাস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

টি টুয়েন্টি বিশ্বকাপ খেলার লক্ষ্য নিয়ে আগামী ৩ অক্টোবর রাতে ওমানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে টাইগাররা। ওমানে পৌছে অনুশীলন ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরে খেলবে বাংলাদেশ। তবে, তার আগেই ওমানে পাড়ি জমিয়েছেন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। জাতীয় দলের এই তারকা ওপেনার গত বুধবার (২৯ সেপ্টেম্বর) স্ত্রীকে নিয়ে চলে গেছেন ওমানের মাস্কাটে। সেখানেই তিনি শুরু করবেন বিশ্বকাপের মূল প্রস্তুতি।

নিজস্ব সূত্র জানায়, দল ওমানে পৌঁছানোর পর লিটন দলের সঙ্গী হবেন। ইতোমধ্যে ওমানে পৌঁছে কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন তিনি। দলের অন্যান্য সদস্যদের মত লিটনও দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন।

বিশ্বকাপের আগে বাংলাদেশ দল দীর্ঘ বিরতির একটি ছুটি পেয়েছিল। নিউজিল্যান্ড সিরিজের পর ক্রিকেটাররা নিজেদের মত করে বিশ্বকাপ প্রস্তুতি নিলেও লিটন ছুটির সময়টা পরিবারের সাথেই কাটিয়েছেন। তাই তার বিশ্বকাপ প্রস্তুতি শুরু হবে ওমান থেকেই।

বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৭ অক্টোবর, স্কটল্যান্ডের বিপক্ষে। প্রথম পর্বে বাংলাদেশ খেলবে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষেও। সুপার টুয়েলভে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন বা রানার-আপ হতে পারলে টাইগাররা অংশ নেবে বিশ্বকাপের মূল পর্ব বা সুপার টুয়েলভে, যেখানে গ্রুপ ‘২’ এ খেলতে হবে টাইগারদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »