ওমান-যাত্রার আগে করোনা নেগেটিভ সব ক্রিকেটার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিশ্বকাপের উদ্দেশে ওমানে যাওয়ার আগে বাংলাদেশ দলের সব ক্রিকেটার করোনা নেগেটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। এছাড়াও দলের কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফের সদস্যরাও করোনা নেগেটিভ সনদ পেয়েছেন।

ফলে ওমানে যেতে বাধা রইল না দলের কোনো সদস্যের। বাংলাদেশ দলের বহরের সব সদস্যের করোনা নেগেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ।

রবিবার (৩ অক্টোবর) রাত পৌনে এগারোটায় ওমানের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে ২৪ ঘণ্টা কোয়ারেন্টিন পালনের পর অনুশীলনে নামবে টাইগাররা। বিশ্বকাপের মূল প্রস্তুতি সম্পন্ন হবে সেখানেই।

আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের আগে ক্রিকেটাররা নিজেদের মানিয়ে নিতে ওমানে অনুশীলন ক্যাম্প করবেন। ১২ ও ১৪ অক্টোবর শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ খেলার পর ১৭ অক্টোবর থেকে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল।

একনজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি।

স্ট্যান্ডবাই : রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

 

বিশ্বকাপে কোয়ালিফায়ার বাংলাদেশের ম্যাচ গুলো

তারিখ ম্যাচ ভেন্যু ও সময়
১৭ অক্টোবর বাংলাদেশ বনাম স্কটল্যান্ড ওমান, রাত ৮টা
১৯ অক্টোবর ওমান বনাম বাংলাদেশ ওমান, রাত ৮টা
২১ অক্টোবর বাংলাদেশ বনাম পাপুয়া নিউগিনি ওমান, বিকাল ৪টা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »