নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টি বিশ্বকাপ কড়া নাড়ছে দুয়ারে। চলতি মাসের ১৭ তারিখ বেজে উঠবে মারমার-কাটকাট সংস্করণটির দামামা। বাংলাদেশ দলও কাল যাচ্ছে আসরটির গ্রুপ পর্বের ভেন্যু ওমানে। সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুই সপ্তাহ আগেই পৌঁছাবে বাংলাদেশ।
আজ টাইগারদের কোভিড টেস্টও সম্পন্ন হয়েছে। কাল রাত ১০.৪৫ মিনিটে দেশটির উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টাইগার স্কোয়াডে থাকা সদস্যরা। সেখানে নিজ দেশ থেকে কোচিং স্টাফদের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। অন্যদিকে আমিরাতে আইপিএলে খেলছেন সাকিব-মোস্তাফিজ। তারাও সেখান থেকে দলের সঙ্গে যোগ দেবেন। তবে কবে যুক্ত হবেন দলের সঙ্গে? তারা কি ১২ ও ১৪ অক্টোবর ওয়ার্ম-আপ ম্যাচে থাকবে?
এমন প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক নির্ভরযোগ্য সূত্র। তিনি জানিয়েছেন, আইপিএলে আমিরাতে লিগ পর্বের খেলা শেষ করেই সাকিব-মোস্তাফিজ যোগ দিবেন দলের সঙ্গে। আগামী ৯ অক্টোবর প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের। অক্টোবরের ৮ তারিখ পর্যন্ত তাদের অনাপত্তিপত্র দেওয়া আছে এবং দুজনেরই ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা রয়েছে।
ওমানে কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার কারণে কোয়ারেন্টিনে থাকতে হবে না টাইগারদের। তবে দেশ ছাড়ার আগে ও ওমানে পৌঁছার পর কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে মুশফিক-রিয়াদদের।
ওমানে কন্ডিশনিং ক্যাম্পে টানা চারদিন অনুশীলনের পর ৯ অক্টোবর বাংলাদেশ দল যাবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানেও বাংলাদেশ দলকে একদিনের কোয়ারেন্টাইন করতে হবে। এরপর ১২ ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরের দিন ফিরে যাবে ওমানে। সেখানেই শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।
বিশ্বকাপের উদ্বোধনী দিনে ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহরা। পরে ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির সঙ্গে লড়তে হবে বাংলাদেশকে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ওমানে। গ্রুপ পর্বের সেরা দুই দল মূল দলে খেলার সুযোগ পাবে।
