নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আবারোও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হতে চলেছেন সাবেক অধিনায়ক আকরাম খান। বিভাগীয় সংস্থার একমাত্র প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হওয়ার আগেই আকরাম দিয়ে রাখলেন চট্টগ্রামের ক্রিকেটে উন্নতির আশ্বাস।
চট্টগ্রামে এখন গোটা বিভাগ মিলিয়েও খেলোয়াড়ের সংখ্যাটা হাতে গোণার মত। আকরাম অবশ্য পুরো বিভাগের দেখভাল করে থাকেন। তাই তার কর্মপরিকল্পনাও পুরো বিভাগ নিয়ে।
আকরাম বলেন,”চট্টগ্রাম বিভাগে কাউন্সিলর যারা আছেন তাদের সঙ্গে সবসময় কথা হয়। আমাদের অনেক খেলোয়াড়ও আছে, সবসময় তাদের সঙ্গে যেকোনো বিষয়ে আলোচনা করি। আমাদের ওপর তাদের বিশ্বাস আছে।’’
আকরাম জানান, বোর্ডে পুরো দেশের ক্রিকেটের জন্য কাজ করলেও তাদের অগ্রাধিকার চট্টগ্রামের ক্রিকেটে। তিনি বলেন,’‘আমরা প্রথমত চট্টগ্রামের জন্য কাজ করছি। তারপর দেশের জন্য তো আমরা কাজ করছিই। চট্টগ্রাম থেকে এখন অনূর্ধ্ব–১৯ দল, জাতীয় দলে ক্রিকেটাররা খেলছে। ভবিষ্যতে আরও অনেকে খেলবে। আমাদের আরও পরিকল্পনা আছে।’’
কী সেই পরিকল্পনা? আকরামের ভাষায়,”একটা একাডেমি করার পরিকল্পনা ছিল। করোনার জন্য আমরা অনেক পিছিয়ে গেছি। পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে কিছুদিনের মধ্যে আমাদের কার্যকলাপ শুরু করতে যাচ্ছি। চট্টগ্রাম বিভাগে যতগুলো জেলা আছে, প্রত্যেক জেলার মেধাবী খেলোয়াড় নিয়ে ওদের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করব।’’
আকরাম আরও বলেন,”আমি নিশ্চিত আগামী ২–৩ মাসের মধ্যে এর ফলাফল পাবেন। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা ও সিলেটে একাডেমি শুরু হচ্ছে। বিশেষ করে চট্টগ্রামে একটা উন্নতমানের একাডেমি আমরা করতে যাচ্ছি।”
