নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ডেভিড ওয়ার্নার সবসময় বড় এক নাম। দীর্ঘদিন ধরে সানরাইজার্সে খেলা এই অস্ট্রেলীয়ান তারকা ছিলেন দলটির অধিনায়কও। অথচ এখন কিনা একাদশেই জায়গা হয় না তার।
আসরের প্রথম পর্বে ওয়ার্নারের নেতৃত্ব কেড়ে নিয়ে তুলে দেওয়া হয় নিউজিল্যান্ডের তারকা কেন উইলিয়ামসনের হাতে। উইলিয়ামসনের অধীনেও দল সাফল্য পাচ্ছে না। লিগ পর্বে সবার আগে প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়েছে দলটি।
ব্যাট হাতে ওয়ার্নারের সময়টাও ভালো যাচ্ছে না যে কারণে বাদ পড়তে হয়েছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে দলের দশম ম্যাচে। হায়দরাবাদের সমর্থকরা এদিন বেশ হা-হুতাশই করেছেন দীর্ঘদিনের ভরসা ওয়ার্নার দলে না থাকায়।
এরই মধ্যে আলোড়ন তুলেছে ওয়ার্নারের একটি মন্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক ভক্ত ওয়ার্নারের উদ্দেশে লিখেছিলেন,”আমি কাঁদছি। ওয়ার্নার, একটু বিশ্রাম করে শক্তি নিয়ে ফিরে আসো।’’
সেই মন্তব্যের প্রত্যুত্তরে ওয়ার্নার লিখেছেন,’‘দুর্ভাগ্যবশত আমাকে আর দেখা যাবে না। তবে অনুগ্রহ করে হায়দরাবাদকে সমর্থন করে যাও।’’
