নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের ক্রিকেট অঙ্গন এখন উত্তপ্ত বিসিবি নির্বাচন নিয়ে। আগামী মাসের শুরুতেই অনুষ্ঠিত হবে এবারের বিসিবি নির্বাচন।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এবারের নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রয়েছে বলে মন্তব্য করেছেন বোর্ডের বর্তমান মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
আগামী মাসের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক হওয়ার সুযোগ থাকায় নির্বাচনে নেই জালাল, তবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার আমেজ উপভোগ করছেন তিনি।
নির্বাচনে মোট ২৩ জন পরিচালকের পদ রয়েছে। এর মধ্যে ভোটাভুটি হবে ১৬টি পদের জন্য। কিছু কিছু পদে ইতোমধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।এদিকে বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন কোনো প্যানেল ঘোষণা না করায় এবারের নির্বাচনে কাউন্সিলরদের অংশগ্রহণের আগ্রহও বেড়েছে। সবকিছু মিলিয়ে এবার যেন সত্যিকারের ‘নির্বাচন’ হতে চলেছে। আর এই বিষয়টিই ক্রিকেটের জন্যই ভালো বলে মনে করছেন জালাল।
তিনি বলেন, ‘এবার লেভেল প্লেয়িং ফিল্ড। যে কেউ নির্বাচন করতে পারে, কারণ কোনো প্যানেল নেই। মাননীয় সভাপতিও তো বলেছেন উনারও কোনো প্যানেল নেই। যেকোনো কাউন্সিলর নির্বাচন করতে পারবেন। অনেকে স্বাধীনভাবে এসেছেন, প্যানেল না থাকলেও নিজেদের যোগ্যতায় নির্বাচন করতে চাচ্ছেন। নির্বাচন হবে এটা ভালো তো। আনন্দের বিষয়।’
নাজমুল আবেদিন ফাহিম, খালেদ মাসুদ পাইলটের মত অনেক হেভিওয়েট প্রার্থী প্রথমবারের মত নির্বাচনে দাঁড়িয়েছেন। তাদের আগমনে দেশের ক্রিকেট সমৃদ্ধ হবে- এমনই প্রত্যাশা জালালের।
তিনি জানান, ‘এটা তো ইতিবাচক। অনেকেই সংগঠন থেকে এসেছেন। তারা মনে করছেন বাংলাদেশের ক্রিকেটে অবদান রাখতে পারবেন, সেজন্য আসতে চাচ্ছেন। আমরা তো স্বাগতম জানাব। তারা ক্রিকেটে অবদান রাখলে এটা অবশ্যই প্রশংসনীয়।’
