নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। ইংল্যান্ডের হয়ে আর কখনো টেস্ট ফরম্যাটে মাঠে দেখা যাবেনা এই ইংলিশ অলরাউন্ডারকে।মঈনের অবসরের বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড।
মুলত করোনার কারণে জৈব সুরক্ষা বলয়ের বিধিনিষেধ ও বাধ্যকতায় অতিস্ট হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন মঈন। করোনার কারণে লম্বা সময় ধরে একজন ক্রিকেটারকে জৈব সুরক্ষা বলয়ের ভিতরে থাকতে হয়, যার ফলে পরিবার থেকেও লম্বা সময় দূরে থাকতে হয় ক্রিকেটারদের। মঈনের কাছে পরিবার খুবই গুরুত্বপূর্ণ! তাই জৈব সুরক্ষার ভেড়াজালে আটকে থেকে পরিবার থেকে দূরে থাকতে চান না তিনি। এছাড়া মঈন চান লাল বলের ফরম্যাটকে বিদায় জানিয়ে পুরোপুরি মনোনিবেশ করবেন সাদা বলের ফরম্যাটে।
সবকিছু বিবেচনা করে ভেবেচিন্তে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মঈন নিজেই।
টেস্ট ফরম্যাট ছাড়ার ব্যাপারে মঈন বলেন:
দেখুন আমার বয়স এখন ৩৪। আমি যতদিন পারি খেলা চালিয়ে যেতে চেষ্টা করব। আমি ক্রিকেটকে উপভোগ করতে চাই। টেস্ট ক্রিকেট খেলা সবসময় দারুণ ব্যাপার। এখানে একদিন ভালো খেলা যেকোনো সংস্করণে ভালো করার চাইতে দারুণ। টেস্টে ভালো করলে আপনার মনে হবে আপনি সেটা অর্জন করেছেন। এই ফরম্যাট ছেড়ে দিচ্ছি, কিন্তু আমি ঠিকই সবার সঙ্গে টেস্ট খেলার সময়টা মিস করব। আমি যতদিন খেলেছি ততদিন এই ফরম্যাটকে উপভোগ করেছি। আমার মনে হয়েছে আমি যথেষ্ট খেলেছি। দলের জন্য যা করেছি, তাতে আমি বেশ খুশি। তবুও আমি সবসময় এই ফরম্যাটকে মিস করতে থাকবো।
উল্লেখ্য, টেস্ট ফরম্যাটে ৭ বছরের ছোট্ট ক্যারিয়ারে ইংলিশদের জার্সি গায়ে ৬৪ ম্যাচ খেলেছেন মঈন। ৬৪ ম্যাচে ৪ শতক ও ১৪ অর্ধশতকে, ২৮.২৯ গড়ে মঈন রান করেছেন ২৯১৪। বল হাতে ৬৪ ম্যাচে মঈনের শিকার ১৯৫ উইকেট।চলতি বছরে ভারতের বিপক্ষে ঘরের মাঠ ওভালে নিজের সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন এই ইংলিশ অলরাউন্ডার।
