নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি ওপেনার শিখর ধাওয়ান ও স্পিনার যুবেন্দ্র চাহালের। আইসিসির বৈশ্বিক আসরগুলোতে সবসময় ভালো পারফর্ম করার পরও ধাওয়ান ও চাহাল বিশ্বকাপ দলে না থাকায় বিষ্মিত হয়েছেন এমএসকে প্রসাদ।
সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন স্পিনবান্ধব হওয়ায় বিশ্বকাপ দলে পাঁচ জন স্পিনার রেখেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচকরা। স্পিনের দিকে বেশি মনোযোগী হওয়ায় সমালোচনা করেছেন প্রসাদ।
বিসিসিআইয়ের সাবেক এই নির্বাচক বলেন,’‘আপনি অবশ্যই তাদের ১০ এর মধ্যে ৮ থেকে ৯ রেটিং দিতে পারেন। তারা (নির্বাচক) দলে স্পিনারদের রাখার চেষ্টা করেছে এবং তারা মনে গেঁথে নিয়েছে যে এটি স্পিন-বান্ধব উইকেট হবে। যে কারণে আমাদের স্কোয়াডে ৪-৫ জন স্পিনার রয়েছে। নির্বাচকদের উচিত সবদিক থেকে বিবেচনা করা তাদের অবশ্যই এক দিকে মনোযোগী হলে চলবে না।’’
টি-টোয়েন্টি ফরম্যাটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো (আইপিএল) প্রতিযোগিতামূলক আসরে টানা দুটি সেঞ্চুরি করার কীর্তি রয়েছে তার। তাই ধাওয়ানকে বিশ্বকাপ দলে রাখা উচিত ছিল বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার প্রসাদ।
তিনি বলেন,’‘ব্যক্তিগতভাবে আমি অনুভব করেছি যে, যেহেতু এটি একটি বড় আসর তাই শিখর ধাওয়ানের মতো কাউকে সত্যিই নেয়া যেতে পারত। তা বিবেচনা করে যে আইসিসির টুর্নামেন্টে সে সব সময়ই ভালো করেছে। তা ছাড়া সে আইপিএলে টানা দুটি সেঞ্চুরি পেয়েছে, এখনো দারুণ ফর্মে রয়েছে। আমার মনে হয় সে দলের জন্য আরো কার্যকরী হতে পারত।”
