নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সামনের মাসেই শুরু হতে যাচ্ছে টি২০ বিশ্বকাপ, বিশ্বকাপের আমেজে বাংলাদেশের ক্রিকেট পা গরম থাকার কথা থাকলেও ক্রিকেট পারা এখন উত্তাপ বিসিবি নির্বাচন নিয়ে। আসন্ন বিসিবি নির্বাচনে নতুনদের অংশগ্রহণ দেখে বেজায় খুশি বর্তমান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আগামী মাসের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন।এরই মধ্যে কাউন্সিলরদের ফর্ম কেনাকে কেন্দ্র করে চারপাশে বইছে উত্তেজনা। গতকাল শুরু হয়েছে নির্বাচনের ফর্ম বিক্রি।এর মধ্যে দেখা যাচ্ছে বেশ কিছু নতুন মুখ। এ কারণে আনন্দ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বেশ কিছুদিন ধরেই বলছেন নির্বাচনে তিনি দারুণ প্রতিদ্বন্দ্বিতা চান। নতুনরা এগিয়ে এলে এই নির্বাচন ভিন্ন মাত্রা পাবে বলে মনে করেন বর্তমান সভাপতি।
পাপন বলেন, ‘আমি খুবই খুশি। কালকে টিভিতে দেখেছি। দেখলাম অনেকগুলো নতুন মুখ আছে। এখানে এসে বেশ কিছু নতুন মুখ দেখেছি। এটা দেখে আমি অনেক খুশি। এটাই আমি চাচ্ছি যে নির্বাচন হোক। নতুন নতুন মানুষ আসুক।’
বিসিবির নির্বাচন হয় তিন ক্যাটাগরিতে। প্রথম ক্যাটাগরিতে ক্লাব থেকে নির্বাচিত হন ১২ জন পরিচালক। আরেক ক্যাটাগরিতে জেলার কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হন বিভাগীয় ১০ পরিচালক।আর তৃতীয় ক্যাটাগরি থেকে নির্বাচিত হন একজন নির্বাচিত হন সাবেক ক্রিকেটার, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড ও সরকারি সংস্থার কাউন্সিলরদের ভোটে।
তিন নম্বর ক্যাটাগরি থেকে এবার নির্বাচন করছেন মিনহাজুল আবেদীন নান্নু, রাজিন সালেহ ও শাহরিয়ার নাফিসরা।গেম ডেভলপমেন্টে খালেদ মাহমুদ সুজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের স্বনামধন্য কোচ নাজমুল আবেদীন ফাহিম। শনিবার বিসিবি থেকে নিজের ফর্ম কিনেছেন বিকেএসপির এই ক্রিকেট উপদেষ্টা।
