চ্যালেঞ্জ গ্রহণ করতে আমি সবসময় পছন্দ করিঃ সুজন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে খালেদ মাহমুদ সুজনের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছেন প্রখ্যাত কোচ নাজমুল আবেদিন ফাহিম। ভোটাভুটির মাধ্যমে ক্যাটাগরি-৩ এর পরিচালক বেছে নেওয়া হবে বলে খুশি সুজন নিজেও।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জানান, চ্যালেঞ্জ নিতে এখনও পছন্দ করেন তিনি। তাই ফাহিমকে হারানোর এই চ্যালেঞ্জে তার উদ্বেগ নেই।

সুজন বলেন,’‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে এটাই স্বাভাবিক। কেউ না কেউ দাঁড়াবে- এটাই প্রত্যাশিত। ফাহিম ভাই আমার কোচ, অনেক সিনিয়র। বিসিবির ডেভেলপমেন্ট বিভাগে উনি আবার আমার অধীনে ছিলেন। চ্যালেঞ্জ আমি সবসময় পছন্দ করি। ভালো একটা নির্বাচন হবে, আমি খুশি। ফাহিম ভাইর সাথে আমার কথা হয়েছে, দেখাও হয়েছে।’’

সুজন প্রথমবার বোর্ডে এসেছিলেন নির্বাচনে জিতে। তার বিশ্বাস, এবারও নির্বাচনে জয়ী হয়ে তার সাফল্যের মূল্যায়ন পাবেন।

সুজন বলেন,”যারা কাউন্সিলর তারা মূল্যায়ন করবেন। এর আগে লিপু ভাইয়ের সাথে নির্বাচন করার অভিজ্ঞতা আমার আছে। তখন তো নতুন ছিলাম। বোর্ডে গত ৮ বছর কাজ করেছি। যদি আবার জিতি তাহলে এর ভালো মূল্যায়ন হবে। না জিতলে সেটাও বুঝতে পারব কেন জিততে পারিনি।’’

তিনি আরও বলেন,’‘নির্বাচনে দাঁড়ানো সবার অধিকার। কাউন্সিলরদের যে কেউ নির্বাচন করতে পারেন। আমরা চাই স্বচ্ছ নির্বাচন হোক। নতুন চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ। নতুন কেউ আসলে ভালো হবে না কিংবা পুরনোরা থাকলে এগোবে না এমন নয়।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »