নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গেল আসরে পয়েন্ট টেবিলের সাত নম্বরে থেকে লিগ পর্ব শেষ করে চেন্নাই সুপার কিংস। কিন্তু এবার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে মহেন্দ্র সিং ধোনির দল। মাত্র এক আসরের মধ্যে চেন্নাইয়ের পারফরম্যান্সের আমূল পরিবর্তনের পেছনে ধোনির বুদ্ধিদীপ্ত নেতৃত্বকেই কৃতিত্ব দিচ্ছেন বীরেন্দ্রর শেবাগ।
গত আসরে সমালোচিত হন বুড়ো হয়ে যাওয়া ধোনি। এবার সেই ৪০ বছর বয়সী ধোনিই পথ দেখাচ্ছেন চেন্নাইকে। তার নেতৃত্বে আসরে এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলে সাতটিতেই জিতেছে চেন্নাই। গতকাল তার ক্ষুরধার নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরুকে ছয় উইকেটে হারায় চেন্নাই। ম্যাচটিতে শতরানের উদ্বোধনী জুটি গড়েও জয়ের দেখা পাননি বিরাট কোহলিরা।
ম্যাচটি বিশ্লেষণের পর শেবাগ বলেছেন,”পেছনের আসরে চেন্নাইয়ের পারফরম্যান্স দেখে তাদের বাতিলের খাতায় ফেলে দেয়া সমালোচকদের ধোনি দেখিয়ে দিলেন, ‘তোমরা যে স্কুলের ছাত্র, আমি সেই স্কুলের প্রিন্সিপ্যাল’!”
ভারতের কিংবদন্তি ওপেনার আরো বলেন,”পেছনের বার চেন্নাইয়ের অবস্থান ছিল সাত নাম্বারে। আর আপনারা বলেছেন, ‘বুড়ো হয়ে গেছে, এরা আর জিতবে না’। এবার কিন্তু সেই বুড়োরাই টেবিলের একদম উপরে।”
বেঙ্গালুরুর ব্যাটিং লাইনআপ নিয়ে শেবাগ বলেন,”প্রথম দশ ওভারে বিনা উইকেটে ৯০ রানের পর শেষ দশ ওভারে ছয় উইকেটে ৬৬ রান! নাহ! একদমই মানা যায় না।”
