নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে প্রথমবারের মত অংশ নিচ্ছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি রাজশাহী বিভাগের হয়ে দাঁড়াচ্ছেন বোর্ড পরিচালক পদে। নির্বাচিত হলে রাজশাহীসহ দেশের তৃণমূল ক্রিকেটের উন্নতি করার প্রতিশ্রুতি পাইলটের।
তৃণমূলে কাজ করতে গিয়ে পাইলট দেখেছেন, কীভাবে এই পর্যায়ে আরও ভালো করা যায়, যা সমৃদ্ধ করবে দেশের ক্রিকেটকে। সেই অভিজ্ঞতাই নিংড়ে দিতে এবার তিনি দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থার নির্বাচনে।
পাইলট বলেন,’‘ক্রিকেট মানে শুধু খেলোয়াড় নয়। ক্রিকেট নিয়ে একটি অবকাঠামো আছে, সেই অবকাঠামোতে কোচ আছে, আম্পায়ার আছে, ম্যানেজমেন্ট আছে। প্রত্যেক বিভাগে উন্নতি করতে চাই। গোটা বিশ্বেই তৃণমূল পর্যায়ে অ্যাকাডেমি আছে। ক্রিকেট বোর্ড তৈরি হওয়া ক্রিকেটার পায়। তার আগে খেলোয়াড় কোথাও না কোথাও তৈরি হচ্ছে। সেই অ্যাকাডেমিগুলোকে আর্থিকভাবে সাপোর্ট করতে না পারলেও মানসিক ও লজিস্টিকভাবে বোর্ড সাপোর্ট করতে পারে। এতে সেই জায়গা আরও উর্বর হবে।’’
পাইলটকে নির্বাচিত হতে হবে ৮ জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে। নির্বাচনে যদি জিততে না-ও পারেন, তার প্রত্যাশা- রাজশাহী বিভাগের নির্বাচিত পরিচালক প্রাধান্য দিবেন নিজের অঞ্চলকে।
পাইলট বলেন,”নির্বাচনে আসা মানে তো চ্যালেঞ্জ থাকবেই। এটা ম্যাচের মত। ক্রিকেট ম্যাচে কখনও হারবেন, কখনও জিতবেন। উদ্দেশ্য একটাই- কী জন্য দাঁড়াচ্ছি। পদই শুধু গুরুত্বপূর্ণ নয়। যে জিতবে তার দায়িত্ব পূরণ করা গুরুত্বপূর্ণ। আগামী চার বছরে আমরা কী কাজ করতে চাই এর কোনো প্রেজেন্টেশন নেই। আমি পুরো বাংলাদেশের জন্য এই প্রেজেন্টেশন তৈরি করতে চাই, আমার মাথায় আছে। যদি বোর্ডে আসার সৌভাগ্য হয়, কাগজ-কলমে প্রেজেন্টেশন করে, প্রত্যেক জেলায় আমি অন্যান্য দেশের মত ক্রিকেট সংস্কৃতি গড়ে তুলতে চাই। বোর্ডে আসার ইচ্ছা ছিল না। কিন্তু আগে যিনি কাজ করে গেছেন আমার মনে হয় অনেক শূন্যস্থান রেখে গেছেন। রাজশাহীর হয়ে পরপর চারবার চ্যাম্পিয়ন হয়েছি। সেই দল এখন ছয় নম্বরে খেলে। এটা আমাদের ক্রিকেট সংস্কৃতির জন্য খারাপ।”
