নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে বিরাট কোহলির সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর বড় চমক জাগে ক্রিকেট দুনিয়ায়। যদিও কোহলি ভবিষ্যতের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলির।
সম্প্রতি গুঞ্জন ওঠে, সীমিত ওভারের নেতৃত্ব ছাড়তে চলেছেন কোহলি। গুঞ্জনকে সত্যি করে কোহলি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন। কোহলির এই সিদ্ধান্তে অবশ্য পূর্ণ সমর্থন জানিয়েছে বিসিসিআই।
বোর্ডের প্রধান ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেন,’‘ভারতের ক্রিকেটে কোহলি একজন সম্পদ। দলকে অত্যন্ত দক্ষতার সঙ্গে সে নেতৃত্ব দিয়েছে। ভারতের হয়ে সব ফরম্যাটে সবচেয়ে সফল অধিনায়ক ও। ওর এই সিদ্ধান্ত ভবিষ্যতের যে রোডম্যাপ রয়েছে তা মাথায় রেখেই নেওয়া। টি-২০ অধিনায়ক হিসেবে ওর পারফরম্যান্স অনবদ্য। এজন্য তাকে অনেক ধন্যবাদ জানাই।’’
কোহলি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পালন করবেন। বিশ্বকাপে কোহলি ভালো করবেন বলেই বিশ্বাস সৌরভের।
তিনি বলেন,’‘আসন্ন বিশ্বকাপ এবং তার পরবর্তী ইভেন্টগুলোর জন্য ওকে শুভেচ্ছা জানাই। আশা করি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ওর অধিনায়কত্বে দল ভালো খেলবে এবং ভারতের হয়ে ও প্রচুর রান করবে।”
১৬ সেপ্টেম্বর এক বার্তায় অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি জানান কোহলি নিজেই। তিনি বলেন,”আমার মনে হয় টেস্ট ও ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমার একটু জায়গা দরকার। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে আমি ভারতীয় দলকে সবটুকুই উজাড় করে দিয়েছি এবং টি-টোয়েন্টি দলে ব্যাটসম্যান হিসেবে বাকি দিনগুলোতে শতভাগ দিয়ে যাব।”
