নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়বেন বিরাট কোহলি। তাই টি-টোয়েন্টি সংস্করণে শেষবারের মতো দলকে নেতৃত্ব দেবেন কোহলি। বিদায়বেলা ভারতকে শিরোপা জেতাবেন কোহলি, প্রত্যাশা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সহ-সভাপতি রাজিব শুক্লার।
আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় টি-টোয়েন্টি সংস্করণ থেকে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন কোহলি। কোহলির নেতৃত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাও জানান শুক্লা।
তিনি বলেন,”টি-টোয়েন্টিতে কোহলির অবদান অসামান্য। শুধু ব্যাটসম্যান হিসেবে নয়, অধিনায়ক হিসেবেও। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আমরা এটাকে সম্মান করি। আমরা আত্মবিশ্বাসী যে তার অধীনে ২০২১ সালে আমরা বিশ্বকাপ জিতব।”
এএনআইকে দেয়া শুক্লার বক্তব্যের অল্প কিছুক্ষণ আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের নেতৃত্ব ছাড়ার ঘটনাটি প্রকাশ করেন কোহলি।
এক বিবৃতিতে কোহলি লিখেন,”এই সিদ্ধান্ত নিতে আমার সময় লেগেছে। আমি আমার কাছের মানুষদের সাথে অনেক আলোচনা করেছি। লিডারশিপ গ্রুপের গুরুত্বপূর্ণ অংশ রবি ভাই (রবি শাস্ত্রী) এবং রোহিতের সাথেও কথা বলেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই আমি টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব ছাড়ছি। সেক্রেটারি জয় শাহ, বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি ও নির্বাচকদের সঙ্গেও আমি এই ব্যাপারে কথা বলেছি।”
