নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বকে সামনে রেখে প্রস্তুতি ও কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার লক্ষ্যে আগামী নভেম্বরের ৪ অথবা ৫ তারিখে জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে সালমা-জাহানারারা।
আগামী নভেম্বর-ডিসেম্বরে জিম্বাবুয়ের মাটিতে বসতে যাচ্ছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেতে এর আগে বাছাই পর্ব উতরাতে হবে বাংলাদেশকেও।
আর তাই বাছাই পর্বে অংশ নেওয়ার আগেই প্রস্তুতির অংশ হিসেবে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাঘিনীরা।
জিম্বাবুয়ে সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও বিসিবি উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
এই ব্যাপারে ক্রিকেইনফোকে তিনি জানান:
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের প্রস্তুতির কথা মাথায় রেখে এই সিরিজটি আয়োজন করা হচ্ছে। আমরা শুধুমাত্র ওয়ানডে সিরিজ খেলবো ওদের সাথে।মুলত বিশ্বকাপের বাছাই পর্ব এই ফরম্যাটে হবে,তাই শুধুমাত্র ওয়ানডে সিরিজ খেলবো আমরা। বাছাই পর্বের আগে এটি আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক অনুশীলন হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, ২০১৯ সালে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে ফরম্যাটে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল। করোনার কারনে এই ফরম্যাটে আর কোন ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের।গত বছর টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভাল করতে পারেনি টাইগাররা। তাই ওয়ানডে বিশ্বকাপের আগে এই ফরম্যাটে প্রস্তুতির কোন বিকল্প ছিল না বাঘিনীদের জন্য।
