নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সর্বশেষ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ের পর দলে আত্মবিশ্বাস তৈরি হয়েছে বলে মনে করছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। একইসঙ্গে বিশ্বকাপের কন্ডিশন বাংলাদেশের জন্য মাথাব্যথার কারণ হবে না বলেও অভিমত তার।
সোহানের মতে, কন্ডিশন কোন সমস্যায় না। অন্য কন্ডিশনের পিচ নিয়েও ভাবছেন না তিনি। জয়ের ছন্দই সবচেয়ে কার্যকরী হবে বলে ভাবছেন সোহান।
তিনি বলেন,’‘শেষ তিনটা সিরিজ আমরা খুব ভালো খেলেছি এবং দলের সবাই বিশ্বাস করছি- যেকোনো বড় দলের বিপক্ষে আমরা জিততে পারি। এই চিয়ার আপ ও আত্মবিশ্বাসটা আমাদের বিশ্বকাপে অনেক সাহায্য করবে।’’
ওমান ও সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের খুব একটা পার্থক্যও দেখছেন না সোহান। তিনি জানালেন,”একেক জায়গার কন্ডিশন একেক রকম থাকবেই। তবে আমার মনে হয় বাংলাদেশের কন্ডিশন আর আরব আমিরাতের কন্ডিশন অনেকটাই একরকম। যেহেতু আমরা আগে যাচ্ছি, এটা অনেক সাহায্য করবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার।’’
বিশ্বকাপে প্রতিটি ম্যাচই এই উইকেটরক্ষক ব্যাটসম্যান সমান গুরুত্ব দিয়ে খেলবেন সঙ্গে প্রতিটি ম্যাচেই অবদান রাখতে চান দলের জয়ে।
তিনি বলেন,”শুধু বিশ্বকাপ না, আমার কাছে বাংলাদেশের হয়ে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। যারা বাংলাদেশ দলের হয়ে খেলে সবার জন্যই এটা গুরুত্বের। আর যেকোনো দলের বিপক্ষেই বাংলাদেশের হয়ে খেলা একটা গর্বের ব্যাপার। যেকোনো সময় ব্যর্থ হতেই পারি। কিন্তু তা নিয়ে না ভেবে প্রতিটা ম্যাচে শিক্ষা থাকে এই জায়গা থেকে আমি কিভাবে নিজেকে তুলে আনতে পারব। যে পজিশনেই খেলি না কেন, দলের জয়ে যেন ভূমিকা রাখতে পারি।”
