নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০১৬ এবং ২০১৯ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর অবশেষে সুযোগ পেয়েছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। বলা চলে দলের পেস আক্রমণের অন্যতম বড় ভরসা হিসেবে থাকবেন তিনি।
বিশ্বকাপ নিয়ে তাসকিন বেশ উচ্ছ্বসিত। বিশ্বকাপের মঞ্চে নিজেকে নিংড়ে দিতে চান ২৬ বছর বয়সী এই পেসার।
তিনি বলেন,’‘অনেক খুশি, বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছি। আমি খুব রোমাঞ্চিত। কন্ডিশনের কারণে গত দুইটা টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারিনি (একটি ম্যাচ খেলেছেন)। ওটিস গিবসন ও টিম ম্যানেজমেন্টের সাথে কাজ করা হচ্ছে। প্রস্তুতির জন্য ওমানে বেশ কিছু সময় পাব। আমার বিশ্বাস ভালো কিছু করতে পারব, করা সম্ভব।’’
ওমানে বাংলাদেশ খেলবে বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচ, যেখানে আগে খেলার অভিজ্ঞতাও নেই। তাসকিন অবশ্য প্রস্তুতি নিয়ে চিন্তিত নন।
তিনি জানান,’‘প্রস্তুতির জন্য আমরা ১০ দিন পাচ্ছি, কিছু প্র্যাকটিস ম্যাচও পাব। কন্ডিশন যেমনই হোক পরিকল্পনামাফিক বল করতে হবে। যখন কাটার কম ধরে তখন ইয়র্কার বা লেন্থ বলের প্রয়োগ অনেক গুরুত্বপূর্ণ। আইসিসি ইভেন্ট, মাথায় থাকবে ফ্ল্যাট ট্র্যাক বা স্পোর্টিং উইকেট হবে। চ্যালেঞ্জিং হবে বোলারদের জন্য, তবে একইসাথে প্রয়োগ ভালোভাবে করতে পারলে ভালো করার সুযোগও থাকবে।”
