নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মুশফিকুর রহিম টেস্টে কিপিং ছেড়েছেন অনেক আগেই। এবার ছাড়লেন টি-টোয়েন্টিতেও। এ কারণে টি-টোয়েন্টি দলে নুরুল হাসান সোহানের জায়গাটাও অনেকটা সুগম হয়ে গেল। এ নিয়ে অনেকে মুশফিকের অভিমান কাজ করছে মনে করলেও এমন সম্ভাবনা উড়িয়ে দিলেন খোদ সোহান।
প্রতিদ্বন্দ্বিতা ভুলে সোহানের প্রতি মুশফিকের এই সৌহার্দ্য কুড়িয়ে নিয়েছিল সব মহলের প্রশংসা। সোহান জানালেন, মুশফিকের এই সহযোগিতা শুধু এদিনই নয়, ছিল কয়েক বছর ধরেই।
সোহান বলেন,”মুশফিক ভাই তো ১৬-১৭ বছর ধরে বাংলাদেশ দলে খেলছেন। শুধু বাংলাদেশ না, বিশ্বের সেরা উইকেটরক্ষকদের একজন তিনি। তার অভিজ্ঞতা ও যে জিনিসগুলো শেখার আছে সবসময় সেসব নিয়ে কথা হয়। এমনকি যখন জাতীয় দলের বাইরে ছিলাম তখনও ফিটনেস, ব্যাটিং ও উইকেটকিপিং নিয়ে সবসময় কথা হতো। শুধু সিরিজের শেষ ম্যাচের আগেই না, সবসময়ই তার কাছ থেকে সমর্থন পেয়ে থাকি।’’
সোহানকে অনেকেই বলে থাকেন বর্তমান সময়ের দেশের সেরা কিপার। তবে অন্য সবার মত সোহানেরও হয় ভুল, যা দেখা গেছে নিউজিল্যান্ড সিরিজেও। তিনি অবশ্য এসব নিয়ে ভাবতে নারাজ।
তিনি বলেন,”ক্যাচ মিস হবে এটা স্বাভাবিক। কিন্তু এটা নিয়ে যদি চিন্তা করি তাহলেও তো ভবিষ্যতে এমন হবে না সেই নিশ্চয়তা শতভাগ দিতে পারব না। তাই বললাম, ভবিষ্যত বা অতীত নিয়ে খুব চিন্তা করছি না, পরিশ্রম করে যেতে চাই।’’
তিনি আরো জানান,”সবথেকে বড় হলো দুই-তিন বছর যখন জাতীয় দলের বাইরে ছিলাম তখন থেকে আমার মানসিকতা পরিবর্তন করতে পেরেছি। এখন খুব বেশি কিছু ব্যাপার হয়ে দাঁড়ায় না। মনে হয় যখন দলের হয়ে খেলছি তখন দলের জয়ে ভূমিকা রাখার জন্য যে দায়িত্ব থাকে সেটা পালন করাই আমার প্রথম দায়িত্ব। আমি পরিকল্পনা অনুযায়ী কঠিন পরিশ্রম করতে চাই। ভবিষ্যত বা অতীত নিয়ে খুব একটা ভাবি না।”
