নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার মাইকেল হোল্ডিং ২২ গজ থেকে অবসর নিলেও যুক্ত ছিলেন ক্রিকেটের সাথেই। এবার সবকিছু থেকেই হোল্ডিং ইতি টানছেন দুই যুগের বর্ণাঢ্য ধারাভাষ্য ক্যারিয়ারের। ২০২১ সালই তার ধারাভাষ্য ক্যারিয়ারের শেষ হতে যাচ্ছে।
ক্রিকেট ধারাভাষ্যের ইতিহাসে অন্যতম প্রখ্যাত নামকরা ধারাভাষ্যকার ছিলেন তিনি। গত বছর করোনার কারণে ক্রিকেট স্থবির হয়ে গেলে এবং তারপরে ক্রিকেট মাঠে ফিরলেও নানান নিয়মের বেড়াজালে আটকে পড়ার পর থেকে বেশ কয়েকবার অবসরের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। অবশেষে তা বাস্তবে রূপ নিল।
৬৬ বছর বয়সী এই ক্যারিবিয়ান ক্রিকেটারের কণ্ঠ তাই ইতিহাসের অসংখ্য ঐতিহাসিক ম্যাচে জড়িয়ে আছে। বিবিসিতে এক সাক্ষাৎকারে হোল্ডিং নিশ্চিত করেছেন ২০২১ সালই তার পেশাদার ধারাভাষ্য ক্যারিয়ারের শেষ বছর হতে যাচ্ছে।
হোল্ডিং বলেন,”এই বয়সে এসে আর আমি নিজেকে খুব বেশি দূরে যেতে দেখছি না। আমার বয়স এখন ৬৬ বছর, ৩৬, ৪৬ কিংবা ৫৬ না। আমি ২০২০ সালেই স্কাই স্পোর্টসকে জানিয়ে দিয়েছিলাম যে এই একবছরের বেশি আর আমি যেতে পারব না, এই বছর যদি বেশি খেলা নাহয় তাহলে সর্বোচ্চ ২০২১ সাল পর্যন্তই আমি থাকব। ২০২০ তখন আমি স্কাই স্পোর্টসে ওভাবে ছেড়ে দিতে পারিনি কারণ তারা আমার জন্য অনেক কিছু করেছে।”
