আসন্ন সিরিজকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসাবে দেখছেন শান্ত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিসিবির হাইপারফরম্যান্স ইউনিটের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সিরিজটি আসন্ন পাকিস্তান সিরিজে কাজে লাগবে বলে মনে করছেন জাতীয়দলের ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। ‘এ’ দলের হয়ে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবেন তিনি।

এইচপি ইউনিটের বিপক্ষে সিরিজ শুরুর আগে শান্ত জানান, এই সিরিজকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে দেখছেন তিনি। পাকিস্তান সিরিজে টাইগাররা খেলবে দুটি টেস্ট, যার প্রথম ম্যাচের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ‘এ’ দল ও এইচপি দলের ম্যাচগুলোও এই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

শান্ত বলেন, ‘সামনে পাকিস্তান সিরিজ আছে, চট্টগ্রামে ম্যাচ আছে। এই সিরিজে আমরা যে চার দিনের ম্যাচ খেলব তা চট্টগ্রাম টেস্টে কাজে লাগবে। এতদিন তো সবাই নিজ নিজ বিভাগে আলাদা অনুশীলন করেছি। একসাথে অনুশীলনের সুযোগ ছিল না। আবার একসাথে অনুশীলন করা, এরকম সিরিজ খেলতে পারা আমাদের খেলোয়াড়দের জন্য খুবই ভালো।’

সামনে টি টুয়েন্টি বিশ্বকাপ আর এ নিয়ে ব্যাস্ত জাতীয়দল। যারা শুধু টেস্ট দলে খেলেন, বিগত কয়েকটি সিরিজে খেলার বাইরে ছিলেন তারা। ‘এ’ দল দিয়ে খেলায় ফিরতে পেরে টেস্ট ক্রিকেটাররা যে উচ্ছ্বসিত, তা স্পষ্ট বোঝা গেল শান্তর কণ্ঠে।

তিনি আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক দিন পর আমরা যারা টেস্ট খেলি বা সাদা বলে কম খেলি তারা একত্রিত হয়ে সিরিজ খেলার সুযোগ পেয়েছি। এটা সবার জন্যই ভালো সুযোগ। লম্বা সময়ের বিরতি ছিল। ম্যাচের মধ্যে আসা খুব জরুরী ছিল। সাধারণত অনেক দিন পর পর টেস্ট খেলি। এক মাস বা ১৫ দিন পরপর খেলি তা না। দুটি টেস্টের মধ্যে বিরতি থাকে। ম্যাচের ভেতরে আসার দরকার ছিল। বিসিবি সেই সুযোগ আমাদের করে দিয়েছে। ‘

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »