নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনার কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ ঘরোয়া ক্রিকেট লিগ। গেল বছর ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ আয়োজিত হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে ক্রিকেটের বাইরে সময় কাটাচ্ছেন বেশিরভাগ ক্রিকেটার।
তবে তাদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী অক্টোবরেই পুরোদমে ঘরোয়া ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিয়েছে বোর্ড।
এতেই মিরপুরে বেড়েছে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের পদচারণা। অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার নাসির হোসেন জানিয়েছেন, জাতীয় লিগে সর্বোচ্চ রান সংগ্রহ করাই লক্ষ্য তার। যে চেষ্টাটা তিনি সবসময়ই করে থাকেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসির বলেন,”ঘরোয়া লিগে আমি সবসময়ই চেষ্টা করি সর্বোচ্চ রান শিকারী হবার। এটাই সবসময় চেষ্টা করি। এবারও যখন (জাতীয় লিগ) শুরু হবে, এটাই আমার টার্গেট থাকবে যেন আমি সর্বোচ্চ রান সংগ্রহ করতে পারি।”
দেশের হয়ে তিনি সর্বশেষ খেলেছিলেন ২০১৮ সালে। ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে হলেও আবারো জাতীয় দলে ফিরতে চান ‘মিস্টার ফিনিশার’। এজন্য সকলের কাছে দোয়াও চেয়েছেন তিনি।
এ প্রসঙ্গে নাসির বলেন,”তাদের ভালোবাসার প্রতিদান আমি জাতীয় দলে ব্যাক করে দিতে চাই। তাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো যে, তারা সবসময় আমাকে সাপোর্ট করে আসছে। তাদের কাছে আমি দোয়া চাচ্ছি। ইনশাআল্লাহ আমি আবার জাতীয় দলে কামব্যাক করবো।”
