নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সদ্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রমিজ রাজা। এরপর ম্যাথু হেইডেন ও ভারনন ফিল্যান্ডারকে কোচিং স্টাফে সংযুক্ত করেছেন রমিজ। তবে অর্ন্তবর্তীকালীন প্রধান কোচ সাকলাইন মুশতাক দলের সঙ্গে থাকবেন কি না তা নিয়ে কিছুই জানাননি রমিজ।
তবে পাকিস্তানি মিডিয়ার দাবি, সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে সাকলাইনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নেই পিসিবির। বিশ্বকাপ পর্যন্ত সাকলাইন কোচিং স্টাফের সঙ্গে থাকবেন। পিসিবি সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এমন সংবাদ জানিয়েছে দ্য নিউজ ডট কম পিকে।
এমনকি ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানায়, বিশ্বকাপেও নাকি পাকিস্তানের প্রধান কোচ থাকবেন সাবেক স্পিনার সাকলাইন। দ্য নিউজ ডট কম পিকে’র প্রতিবেদনে আরো বলা হয়, কয়েকদিনের মধ্যে দেশীয় কাউকেই পাকিস্তানের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে। তবে সাকলাইনই প্রধান কোচ হিসেবে থাকছেন কি না সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয়নি। এ ছাড়াও বিশ্বকাপের জন্য নতুন ফিল্ডিং কোচ নিয়োগ দেওয়া হবে বলেও প্রতিবেদনে লিখেছে পাকিস্তানের এই মিডিয়া।
