নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ফাফ ডু প্লেসি, ইমরান তাহির ও ক্রিস মরিসের না থাকা নিয়ে চলছে তুমুল সমালোচনা। এই তিন ক্রিকেটার কেন দলে নেই সেই বিষয়ে মুখ খুলেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নির্বাচক ভিক্টর এমপিটিসাঙ্গ।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে অনেক দিন ধরেই অনুপস্থিত ডু প্লেসি, তাহির ও মরিস। তবে দল ঘোষণার পর শুরু হয় সমালোচনা। বিশেষ করে ডু প্লেসি ও তাহির যখন ফর্মের তুঙ্গে আছেন, তখন সমালোচনা হওয়া স্বাভাবিক।
ডু প্লেসির না থাকা নিয়ে ভিক্টর বলেন,“ফাফের দুর্দান্ত রেকর্ড আছে কিন্তু দল নির্বাচনে আমরা ধারাবাহিকতা চাচ্ছি। যাদেরকে নিয়েছি এই খেলোয়াড়দেরকেই আমরা নিয়মিত দলে পাব। যখন আপনি কোনো ফ্রি এজেন্টের সাথে কাজ করবেন, তখন আপনার দল ও ফ্রি এজেন্ট দুইদিকেই আলাদাভাবে কাজ করতে হবে। তারা অনেক লিগে ভালো খেলে কিন্তু দলেরও বিশ্বকাপের আগে একটা নির্দিষ্ট স্কোয়াড গড়ার প্রয়োজনীয়তা আছে।”
চলতি বছর আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার মরিস নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন বলে জানান ভিক্টর,”আর ক্রিস মরিস তো নিজেই খেলতে চাননি। মরিস তার এজেন্টের মাধ্যমে বোর্ডের সাথে যোগাযোগ করেছে এবং এজেন্ট আমাদেরকে জানিয়েছেন যে, মরিস এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না।”
